নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ পুশ ইনের চেষ্টা চালানো হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। পুশ ইনের শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এদিকে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকাতেও তিনজনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ নিয়ে দুই সীমান্ত দিয়ে মোট সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি অধিনায়ক বলেন, বর্তমানে ওই এলাকাগুলোতে বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে।
তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।









