দুর্ঘটনা

দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-২০৬) তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নিহতদের দুই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

নিহত দুই প্রবাসী হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীসময়ে তাদের পরিবারকে আরো ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।’

 

এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে একটি প্রাইভেট কারে জেদ্দা বিমানবন্দরে যাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশি। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এতে গাড়িচালকসহ চার বাংলাদেশি নিহত হন।
দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক মাস পর বৃহস্পতিবার তাদের মধ্যে সিলেটের দুই প্রবাসীর মরদেহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্বজনেরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘নিহত দুজনই আমার ইউনিয়নের বাসিন্দা। পরিবারের সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।’