দুর্ঘটনা

থানচিতে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে, নিহত ২

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহত ব্যক্তিদের পরে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানচি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহত ব্যক্তিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।