সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মিজান বেগম (৪৬) নামে এক নারী। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
পেছনে সরে যাওয়ার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আলীর স্ত্রী। গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি।









