নওগাঁ

দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, শরীরে থাকা স্বর্ণ ও মোবাইল ফোন ছিনতায়

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক  :

নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড় নামক স্থানে সড়কে গাছ ফেলে পথ রোধ করে প্রায় ঘণ্টাব্যাপী ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোশানতলা মোড়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল রবিবার (১২ অক্টোবর) পোরশা উপজেলার ওই রাস্তার মোশানতলা মোড়ে সন্ধ্যা ৭টার পর ডাকাতদল গাছ ফেলে দুদিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও পথচারীদের পথ রোধ করে ডাকাতি শুরু করে। ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী যানবাহনে থাকা যাত্রীসহ পথচারীদের পথ রোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট থাকা নগদ অর্থ, শরীরে থাকা স্বর্ণ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় বেশ কয়েকজন তাদের কাছে থাকা জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মেরে আহত করে। আহত ব্যক্তিদের আত্মচিৎকার এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সেখান থেকে আহত প্রায় ২০জন নারী ও পুরুষকে উদ্ধার করে রাতেই পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধ্যা থেকে পুরো রাতভর পর্যন্ত।

অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা রহস্যজনক। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও জানান তারা।

পোরশা থানার ওসি মিন্টু রহমান বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি, এবং থানায় কোনো মামলা হয়নি। তবে এলাকাবাসী ওই রাস্তায় এখন চলাচল করতে ভয় পাচ্ছে সেইসঙ্গে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করার জন্য কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।’