নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী ৩৩ হাজার ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। ‘ইফতার বিতরণ ২০২৬’ শীর্ষক এই মেগা প্রকল্পের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।
দুর্গাপুর উপজেলায় ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে পুরো কার্যক্রম পরিচালনা করেন মো. সাকিবুল ইসলাম সাব্বির। প্রকৃত হকদার ও দরিদ্র মানুষদের খুঁজে বের করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করে তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। দপ্তরের পক্ষ থেকে নিবিড় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। সেই তালিকা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইফতার প্যাকেজগুলো সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

ফাউন্ডেশনের নির্ধারিত প্রতিটি ইফতার প্যাকেজে রোজাদারদের জন্য পুষ্টিকর ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা হয়। এক হাজার টাকা সমমূল্যের প্রতিটি প্যাকেজে রয়েছে এক কেজি খেজুর, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল, এক কেজি মুড়ি এবং এক লিটার সয়াবিন তেল।
মাঠপর্যায়ে ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মো. সাকিবুল ইসলাম সাব্বির। তিনি বলেন, বিতরণ কার্যক্রমে গিয়ে মানুষের যে কষ্ট ও অসহায়ত্ব দেখা গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন অনেক মানুষ রয়েছেন, যাদের একসময় স্বচ্ছলতা ছিল, কিন্তু বর্তমানে পারিবারিক অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও জানান, বিল ও জঙ্গল ঘেরা দুর্গম এক এলাকায় এক অসহায় ব্যক্তির কাছে ইফতার পৌঁছে দিতে গিয়ে হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হতে হয়েছে। সেখানে বিদ্যুৎ সংযোগ নেই, আশপাশে তেমন জনবসতিও নেই। একটি ছোট কুঁড়েঘরে একাকী জীবনযাপন করছেন ওই ব্যক্তি। এমন বাস্তবতা মানুষের জীবনের প্রতি নতুন উপলব্ধি তৈরি করে বলেও উল্লেখ করেন তিনি।
মানবিক কাজের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়াতে কোনো রাজনৈতিক পরিচয় বা পদ-পদবির প্রয়োজন হয় না। নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে এলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এ ক্ষেত্রে ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ ও তাঁর প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানা যায়, ২০২১ সাল থেকে সংগঠনটি দেশব্যাপী গৃহ নির্মাণ, স্বাবলম্বী প্রকল্প, উদ্যোক্তা তৈরি, শীতবস্ত্র বিতরণ ও রিকশা প্রদানসহ বিভিন্ন দারিদ্র্য বিমোচনমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
প্রতিনিধির ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে জানা গেছে, মো. সাকিবুল ইসলাম সাব্বির স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত রয়েছেন। তিনি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের অধীনে ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট’ কোর্সের ২৯তম ব্যাচে অধ্যয়ন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ওষসঁষ ছঁৎধহ টঝঅ-তে সিনিয়র ডেভেলপার হিসেবে কর্মরত রয়েছেন।









