সদ্য প্রকাশিত
নাটোর

দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে ইউপি বরাদ্দ বাতিল : এমপি শিমুল

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে ইউপি বরাদ্দ বাতিল : এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিতদের বিজয়ী না করলে উন্নয়ন বরাদ্দ বাতিল করা হবে’ এমন হুশিয়ারী দিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়া আচরণ বিধি লংঘন করে দল মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে নাটোর সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মী এবং ইউপি চেয়ারম্যানদের সাথে মত বিনিময় কালে দলীয় নেতা-কর্মীদের এমন হুশিয়ারী এবং নির্দেশনা দেন এমপি।

 
নাটোর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

 
নির্বাচনী আচরণ বিধি মোতাবেক স্পীকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, এমপি এবং সিটি কর্পোরেশনের মেয়ররাসহ অন্যান্য ভিআইপিগণ যারা সরকারী সুবিধা ভোগ করেন তারা নির্বাচনী প্রচার-প্রচারনা বা নির্বাচনে কোন প্রচার কর্মকান্ডে অংশগ্রহন করতে পারবেন না।

 
নির্বাচনী আচরণ বিধি লংঘন শিমুলের জন্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর ডিসেম্বরে  পৌর নির্বাচনের সময় আচরণ বিধি লংঘন করে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর মেয়র প্রার্থী উমা চৌধুরী জলির মনোনোয়ন জমা দেন শিমুল। সে সময় নির্বাচন কমিশন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে নির্বাচন কমিশনে হাজির হয়ে ভুল স্বীকার করে আর এমন কাজ করবেন না বলে কথা দেন শিমুল।

 
যদিও চলতি মাসে জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘন করে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আওয়ামী মনোনীত চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের মনোনোয়ন জমা দেন এমপি শিমুল।

 
জেলা পরিষদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান, সাধারন সদস্য পদে ছয়জন মেম্বার এবং সংরক্ষিত মেম্বার পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। বাকী ৯ টি সাধারন মেম্বার পদে ২৯জন এবং ২ টি সংরক্ষিত পদের জন্য ৬জন নারী প্রতিদ্বন্দীতা করছেন।

 
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন সিল্কসিটি নিউজকে বলেন, সার্কিট হাউজে এমপি’র বৈঠকের ব্যাপারে তিনি জানেন। তবে সেখানে কি আলোচনা হয়েছে তা তিনি জানেন না। এমপি সেখানে বিজয় দিবসের আলোচনা করার কথা ছিল বলে দাবি করেন তিনি।

 
নাম প্রকাশ না করার শর্তে একজন ইউপি চেয়ারম্যান বলেন, বৈঠকে ২০ থেকে ২২ জন উপস্থিত ছিলেন। এমপি দলীয় মেম্বার প্রার্থীদের জেতানোর জন্য প্রয়োজনীয় সব কিছু করার নির্দেশ দেন বলে জানান তিনি। ‘যদি কেউ এই নির্দেশনা না মানে তাকে উন্নয়ন বরাদ্দ থেকে বাদ দেয়ার নির্দেশ দেন এমপি’ এমন হুশিয়ারী দেন বলে দাবি করেন এ নেতা।

 
এ ব্যাপারে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।
স/শ