খেলা

ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে এশিয়া কাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্য কিছুর ভিড়ে ত্রিদেশীয় সিরিজ এখন অনেকটাই নাই হয়েছে। একটা সময় এই সিরিজ অনেক দেখা গেছে।

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য বলতে এমন একটি তিন জাতির সিরিজেই।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে একবারই ট্রফি জিততে পেরেছে।

এবার শোকেসে আরেকটি ট্রফি রাখার সুযোগ পাচ্ছে।

আবুধাবিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি বহুজাতিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। অন্য দল হচ্ছে আফগানিস্তান। সিরিজে বাংলাদেশের লক্ষ্য কি সেটা নিশ্চিত করেছেন অধিনায়ক লিটন দাস। তার মতে, ভালো ক্রিকেট খেললে সবকিছু সম্ভব।

ট্রফিতেই চোখ বাংলাদেশের। লিটন বলেছেন, ‘আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয় এই দলটায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যারা সিনিয়র আছি—যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।’

সামনের এশিয়া কাপ হবে বাংলাদেশে।

ট্রফি জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। লিটন বলেছেন, ‘অবশ্যই এখানে বড় সুযোগ। আমার জন্য বড় সুযোগ অধিনায়ক হিসেবে। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ আছে। এশিয়া কাপ বাংলাদেশে হবে। এটাই ভালো প্রস্তুতি হবে আমাদের জন্য। ৫-৬ দল খেলে এশিয়া কাপে। এখানে ৩ দল। কাছাকাছি ব্যাপারই। যদি ভালো ক্রিকেট খেলি তাহলে কেন না (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)?’
সিরিজ নিয়ে চাপের কথা জানিয়েছেন লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন কোনো একটা চাপ আসে না কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।