খেলা

মেসির ২ রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে হালান্ডের নতুন ইতিহাস

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোল করাটা তার নেশা। প্রতিপক্ষের রক্ষণভাগ যতই শক্তিশালী হোক, সুযোগ পেলেই জাল খুঁজে নেন আর্লিং হালান্ড।

এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়লেন তিনি।
লিওনেল মেসির দুটি রেকর্ড ভেঙে এখন প্রতিযোগিতাটির ইতিহাসে ৬০ গোলের মাইলফলকে পৌঁছানো দ্রুততম ও সর্বকনিষ্ঠ ফুটবলার হালান্ড। কাল রাতে পিএসজির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে এই কীর্তি গড়েন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার।

তবে ব্যক্তিগত সাফল্যের রাতটি দলীয়ভাবে সুখকর হয়নি হালান্ডের।

তার জোড়া গোলের পরও পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
৬০ গোলে পৌঁছাতে ২০ ম্যাচ কম

চ্যাম্পিয়নস লিগে গোলের পর গোল করেই চলেছেন হালান্ড। ৬০ গোলের মাইলফলক ছুঁতে সবচেয়ে কম ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ৬০ ম্যাচেই এই কীর্তি গড়েছেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার।

আগে রেকর্ডটি ছিল মেসির দখলে। আর্জেন্টাইন মহাতারকাকে ৬০ গোল করতে খেলতে হয়েছিল ৮০ ম্যাচ। অর্থাৎ, মেসির চেয়ে ২০ ম্যাচ কম খেলেই ৬০ গোলের মাইলফলকে পৌঁছে গেছেন হালান্ড।
বয়সেও মেসিকে ছাড়িয়ে হালান্ড

শুধু দ্রুততম নন, ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ৬০ গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও এখন হালান্ড। এ ক্ষেত্রেও পেছনে পড়েছেন মেসি।

হালান্ড ২৬ বছর ৮৫ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেছেন। মেসির ৬০ গোল করতে লেগেছিল ২৬ বছর ৮৬ দিন। অর্থাৎ, মাত্র ১ দিনের ব্যবধানে মেসির রেকর্ড ভেঙেছেন হালান্ড।
ব্যবধানটা সামান্য হলেও রেকর্ডের বিচারে তাৎপর্যপূর্ণ। কারণ, একসময় মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের দাপটে যে প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়া ছিল কঠিন, সেখানেই নিজের নাম বারবার ইতিহাসের পাতায় লিখছেন হালান্ড।