সদ্য প্রকাশিত
খেলা

তৃতীয় রাউন্ডে পেছালেন সিদ্দিকুর

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
তৃতীয় রাউন্ডে পেছালেন সিদ্দিকুর

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হয়ে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান পাড়ি দেন মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপ গলফ কোর্সে। সেখানে শুরুটা বেশ ভালোই করেন সিদ্দিকুর। তবে, তৃতীয় রাউন্ডে সুবিধা করতে পারেননি তিনি।

 

তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের এই গলফার।

 

কুয়ালালামপুরের সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে তৃতীয় রাউন্ডে তিনটি বার্ডি, দুটি বোগি ও একটি ডাবল বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে রয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

 

চলমান টুর্নামেন্টে সুবিধাজনক অবস্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন বাংলাদেশের সেরা এই গলফার। পারের চেয়ে তিন শট কম খেলে ১১ জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে আরও উপরে উঠে আসেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও ভালো অবস্থানে ছিলেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে চার জনের সঙ্গে যৌথভাবে চতুর্দশ স্থানে থাকেন দেশসেরা এই গলফার।

 

কুয়ালালামপুরের সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে তিনটি বার্ডি, একটি ইগল ও দুটি বোগি করেন সিদ্দিকুর। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় রাউন্ডে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করেন তিনি।

 

দেশের কোর্সে খেলা সর্বশেষ টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে প্রথমবারের মতো এই গৌরব লাভ করেন এশিয়ান ট্যুরের দুইটি শিরোপা জয়ী গলফার।

 

দেশের মাটিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হওয়া সিদ্দিকুর বার্ডি পেয়েছিলেন মোট ৬টি। আর বোগি পেয়েছিলেন মাত্র ১টি।

সূত্র: বাংলা নিউজ