সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ঢাকার আইপিইউ বৈঠকে আসছে না পাকিস্তান

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ঢাকার আইপিইউ বৈঠকে আসছে না পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশ নেবে না পাকিস্তান। বাংলাদেশের নেতৃত্ব ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি ‘বৈরী আচরণের’ আভিযোগে আগামী ১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ওই আলোচনায় অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আইয়াজ সাদিক।

 

পাকিস্তানের পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে ১০ সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দল আন্তঃসংসদীয় আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। এক বিবৃতিতে সরদার আইয়াজ সাদিক বলেন, ‘ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা এবং আমি দেখেছি যে, পাকিস্তানের সংযম ও আন্তরিকতা সত্ত্বেও বাংলাদেশের নেতৃত্ব, সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যম প্রতিনিয়ত জনসমক্ষে নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছে। এর ফলে আমি বাংলাদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, তা আমাদের লক্ষ্য পূরণ করবে না।’

 

বাংলাদেশের পার্লামেন্ট ও জনগণের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক’ বজায় রাখার জন্য পাকিস্তানের পার্লামেন্ট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও আইয়াজ সাদিক ওই বিবৃতিতে দাবি করেন। তিনি উদাহরণ হিসেবে ২০১৪ সালে কমনওয়েলথ নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদে বাংলাদেশের স্পিকার শারমিন চৌধুরীকে সমর্থনের কথা উল্লেখ করেন। একইভাবে ২০১৪ সালে আইপিইউ-র প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন এবং পার্লামেন্টারি ইউনিয়ন অব ইসলামিক কান্ট্রিস ও এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলিতেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

 

বাংলাদেশের পক্ষ থেকে ‘আশানুরূপ সাড়া’ না পাওয়ার অভিযোগ তুলে সাদিক বলেন, ‘এটা খুবই আক্ষেপের বিষয় যে, বাংলাদেশের পক্ষ থেকে কখনোই বন্ধুত্বপূর্ণ সাড়া পাওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকে বারংবার আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশি স্পিকার পাকিস্তান সফরে আসেননি।’

 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পার্লেমেন্ট স্পিকারের কাছে পাকিস্তানি পার্লেমেন্টের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত অনুরোধ সত্ত্বেও পাকিস্তানের পার্লামেন্ট আয়োজিত আন্তর্জাতিক সংসদীয় আলোচনা গত দুই বছর ধরে বয়কট করে আসছে। এর মধ্যে রয়েছে গত আগস্টে অনুষ্ঠিত সার্ক ইয়াং পার্লামেন্টারিয়ানস কনফারেন্স, ২০১৭ সালে  অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল উইম্যান পার্লামেন্টারিয়ানস কনফারেন্স এবং এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি।’

 

আইয়াজ সাদিক বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে তার ভ্রাতৃত্বপূর্ণ কথোপকথনের কথাও উল্লেখ করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের সকল প্রচেষ্টা ব্যররথ হয়েছে এবং আবারও আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে মানহানি করা হয়েছে। এমন শত্রুতাপূর্ণ আবহে কারও স্বার্থই রক্ষা হয় না। বহু কষ্টে আমাদের বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন