সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে রান্নার জন্য রাস্তার পাশ থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করছিলেন আমেনা বেগম। পরে মাঝকান্দি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মধুখালী থেকে ফরিদপুরগামী একটি সুজুকি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পারিবারিক সূত্র জানায়, আমেনা বেগমের তিন মেয়ে রয়েছে। তাদের সবাই বিবাহিত।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










