সদ্য প্রকাশিত
নাটোর

ডাকাতের হামলায় আহত নাটোরের ওর্য়াড কাউন্সিলর মোস্তাক মারা গেছেন

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
ডাকাতের হামলায় আহত নাটোরের ওর্য়াড কাউন্সিলর মোস্তাক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
সিরাজগঞ্জে ডাকাতের হামলায় আহত নাটোর পৌরসভার ৪নং ওর্য়াড কাউন্সিলর মোস্তাক আহমেদ ভুট্টু (৪৭) ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর রাত থেকে তাকে  ওই হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। পরে বেলা ১-০৫ মিনিটে তার লাইফ সাপোর্ট সরিয়ে নিলে তার মৃত্যু হয়।

 
মোস্তাক আহমেদ ভুট্টু শহরের কানাইখালী এলাকার সাবেক কমিশনার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও নাটোর পৌরসভার ৪নং ওর্য়াড কাউন্সিলর ছিলেন।

 
সোমবার সকাল থেকেই নাটোর শহরে ছড়িয়ে পড়ে মোস্তাক আহমেদ ভুট্টুর মৃত্যু সংবাদ। তার পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। পরে খবর নিয়ে জানা যায় তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে ঢাকায় অবস্থানরত নাটোর-২ এর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও ভুট্টুর স্বজনরা ছুটে যান স্কয়ার হাসপাতালে। পরে বেলা ১-০৫ মিনিটে ভুট্টুর লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়।

 
তার মৃত্যুতে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম নূরু,ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 
পৌর মেয়র উমা চৌধুরী জলি সিল্কসিটি নিউজকে বলেন, কাউন্সিলর ভুট্টু মানুষের সেবায় কাজ করতেন। সে একজন যোগ্য কাউন্সিলর ছিল। কিন্তু ডাকাতদের হামলায় তাকে এভাবে অকালে প্রাণ হারাতে হ’ল। তিনি ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

 
মোস্তাক আহমেদ ভুট্টুর ভাই দখতার হোসেন প্রিন্সসহ পরিবারের সদস্যরা জানান, ভুট্টুর মত একজন সমাজসেবী ডাকাতদের হামলায় অকালে প্রাণ হারাল। যাতে এ ধরণের ঘটনায় নিরীহ সাধারণ মানুষকে প্রাণ হারাতে না হয় সেদিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

 
উল্লেখ্য, গত ৯ আক্টোবর মোস্তাক আহমেদ ভুট্ট সহ চার জন ঢাকা থেকে প্রাইভেট কার যোগে নাটোরে ফিরছিলেন। পথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৬ নং ব্রিজ এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাতদল বেরিকেট দিয়ে তাদের প্রাইভেটকারটির গতি রোধ করে। ডাকাতদলের সদস্যরা  গাড়ী থেকে নামিয়ে ধারাল অস্ত্রের আঘাতে  তাদের ক্ষত বিক্ষত করে এবং তাদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 
পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি  করার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
স/শ