সিল্কসিটিনিউজ ডেস্ক:মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বোধ বোকা হিসেবে আখ্যায়িত করেছে। মঙ্গলবার আইএসের মুখপাত্র আবু হাসান আল-মুহাজিরের ৩৭ মিনিটের এক অডিও বার্তায় এ কথা বলা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অডিও বার্তাটিতে আইএস সমর্থকদের উদ্দেশে প্রকাশ করা হয়েছে।
অডিও বার্তায় বলা হয়, ‘আপনারা (আমেরিকান) দেউলিয়া এবং প্রতিটি চোখেই মৃত্যুর আশঙ্কা বিদ্যমান। এজন্য এর চেয়ে বেশি প্রমাণের দরকার নেই যে, তোমরা একটা নির্বোধ গর্দভ শাসক দ্বারা শাসিত হচ্ছ, সিরিয়া কী, ইরাক কী, অথবা ইসলাম কী- তা বোঝে না। যে ইসলাম বিদ্বেষী এবং এর (ইসলাম) বিরুদ্ধে যুদ্ধের অলীক কল্পনা প্রকাশ করে চলেছে।’

ইসলামি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে ট্রাম্পকে ব্যঙ্গ করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে আল-কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)ও ট্রাম্পকে ব্যঙ্গ করেছিল। ২৯ জানুয়ারি ইয়েমেনে মার্কিন হামলায় ১২ জন বেসামরিক নাগরিক ও ১৪ যোদ্ধা নিহত হওয়ার ঘটনা ইঙ্গিত করে আল-কায়েদা নেতা এই ব্যঙ্গ করেছিলেন। এক অডিও বার্তায় একিউএপি নেতা কাসিম আল-রিমি বলেছিলেন, হোয়াইট হাউসের নতুন নির্বোধ গালে বেদনাময় একটি চড় খেলেন।
সূত্র:বাংলা ট্রিবিউন










