সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাপানের কাওয়াগোয়ে শহরে বসবাসকারী কিছু পাকিস্তানি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। তবে পরে জানা যায়, মসজিদটি নির্মাণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি।
ফলে ভবনটি অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে।
এপ্রিল মাসে জাপানে পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল হামিদের উপস্থিতিতে মসজিদটির উদ্বোধন করা হয়েছিল। কিন্তু অবৈধ নির্মাণের বিষয়টি প্রকাশ্যে আসার পর পাকিস্তানি দূতাবাস এ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। এদিকে, স্থানীয় কিছু বাসিন্দা ভবনটি ভেঙে ফেলার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে এখন আলোচনা ও বিতর্ক চলছে।
কাওয়াগোয়ে শহরের পৌর প্রশাসনিক কেন্দ্র সিটি হল অবৈধভাবে নির্মিত মসজিদটির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সিটি হলের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভবনটি (মসজিদ) একটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণ এলাকায় নির্মিত হয়েছে। যেখানে নগর পরিকল্পনা আইনের অধীনে নির্দিষ্ট অনুমতি না নেওয়া পর্যন্ত সাধারণত নির্মাণকাজ নিষিদ্ধ।
’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রশ্নবিদ্ধ ভবনটি নগর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।’ বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলো মসজিদটি ভেঙে ফেলার আবেদন করেছে। কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেছে এবং বিষয়টি পর্যালোচনা করছে।
অবৈধ প্রকল্প থেকে দূরত্ব বজায় রাখছে পাকিস্তান দূতাবাস। মসজিদটি অবৈধভাবে নির্মিত হয়েছে বলে জানা যাওয়ার পর টোকিওতে অবস্থিত পাকিস্তান দূতাবাস জানায়, জাপানের আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো প্রকল্পের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
দূতাবাস দুটি পৃথক বিবৃতিতে জাপানে বসবাসকারী পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যদের স্থানীয় আইন ও বিধিমালা মেনে চলার আহ্বান জানায়। বিশেষ করে, উপাসনালয় নির্মাণের ক্ষেত্রে সব ধরনের সরকারি অনুমোদন ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব দেয়।
পাকিস্তান দূতাবাস ১ জুন এক বিবৃতিতে জানায়, জাপানে বসবাসকারী পাকিস্তানিদের সব ক্ষেত্রে জাপানের আইন মেনে চলতে হবে, বিশেষ করে উপাসনালয় নির্মাণের ক্ষেত্রে। স্থানীয় সরকারের প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ শুরু করা যাবে না।
দূতাবাস আরো জানায়, রাষ্ট্রদূত আবদুল হামিদ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কারণ তাকে জানানো হয়েছিল, জাপানের আইন অনুযায়ী প্রয়োজনীয় সব অনুমোদন নেওয়া হয়েছে।
এ ছাড়া ৩১ মে প্রকাশিত আরেকটি বিবৃতিতে পাকিস্তান দূতাবাস পুনরায় উল্লেখ করে, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো নির্মাণ প্রকল্প শুরু করা উচিত নয়। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, যেসব প্রকল্প আইনগত অনুমোদন ছাড়া পরিচালিত হয়, সেসবের সঙ্গে পাকিস্তান দূতাবাসের কোনো সম্পর্ক নেই।
জাপানের কাওয়াগোয়ে শহরে নির্মিত একটি মসজিদকে ঘিরে বিতর্ক আরো বেড়েছে। পাকিস্তান দূতাবাস জানিয়েছে, স্থানীয় আইন না মেনে পরিচালিত কোনো প্রকল্পের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
দূতাবাসের মতে, ২০২৬ সালের ৩ এপ্রিল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত অংশ নিয়েছিলেন, কারণ তাকে জানানো হয়েছিল যে জাপানের আইন অনুযায়ী প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। এদিকে কাওয়াগোয়ে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা বিবেচনা করছে।
কর্তৃপক্ষ আরো জানায়, নির্মাণকাজ শুরুর আগে আশপাশের বাসিন্দাদের যথাযথভাবে জানানো হয়েছিল কি না, তা তারা নিশ্চিত করতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
জাপানে নতুন কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা ও মতামত নেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, বিশেষ করে যখন তা আশপাশের এলাকায় প্রভাব ফেলতে পারে। মসজিদটি শেষ পর্যন্ত থাকবে নাকি ভেঙে ফেলা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কাওয়াগোয়ে সিটি কাউন্সিল।










