সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৯৯৯ সালের ২৬ মার্চ ছাত্রলীগ রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) ছাত্র গোলাম মুর্শিদ ওরফে গোলামকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের একজন আজিজুল আলম বেন্টু। হতাকাণ্ডের কিছুদিন আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি। এখন তিনি রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর তাঁর বড় ভাই একই হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রবিউল আলম বাবু রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি।
নগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা আজিজুল আলম বেন্টু ট্রাকচালক ছিলেন। এ পেশা ছেড়ে কিছুদিন মাছও বিক্রি করেছেন। বাড়িতে গরুর খামার করে দুধ বিক্রি করতেন। কিন্তু এখন রাজশাহীতে তাঁর শতকোটি টাকার সম্পদ রয়েছে। বালুমহাল থেকে শুরু করে সরকারি জমি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান দখল, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে সাধারণ মানুষের জমি কেনার অভিযোগ রয়েছে বেন্টুর বিরুদ্ধে। তাঁর এই দাপটের পেছনে রয়েছে অস্ত্রধারী সহযোগীরা।

গোলাম হত্যায় বেন্টুর যাবজ্জীবন সাজা : ১৯৯৪-৯৫ সালের দিকে রাজশাহী নগরের কোর্ট এলাকায় বামপন্থী ছাত্রসংগঠন ছাত্রমৈত্রীর প্রবল প্রভাব তছনছ করে দিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন যাঁরা তাঁদের অন্যতম ছিলেন ছাত্রলীগ নেতা গোলাম। ছাত্রমৈত্রীর তীব্র বাধার মুখে তিনি কোর্ট ঢালান মোড়ে আওয়ামী লীগের সমাবেশ করেছিলেন। তখনকার বিরোধী দল নেতা শেখ হাসিনা একবার রাজশাহী সফরের সময় গোলামের বাড়িতে গিয়েছিলেন। আরেকবার রাজশাহী সার্কিট হাউসে তাঁকে ডেকে আদর করে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন তিনি।
কিন্তু এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জের ধরে বেন্টুর নেতৃত্বে তাঁর বড় ভাই ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর কমিটির সাবেক সভাপতি রবিউল আলম বাবুসহ একটি দল গোলামকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়। ২০০৫ সালের ৮ মে বাবু ও বেন্টুসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রায় ৯ মাস কারাভোগ করেন সাজাপ্রাপ্ত আসামিরা। পরবর্তী সময়ে তাঁরা উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর আসামিদের আবেদনে উচ্চ আদালত মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন। রাষ্ট্রপক্ষ এ নিয়ে আর কোনো আপিল করেনি। আর্থিক টানাপড়েন এবং বেন্টুর ভয়ে গোলামের পরিবার মামলার তদবির করতে পারেননি। ক্ষোভে তাঁরা আর আওয়ামী লীগের রাজনীতিতেও নেই।
নগর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা রানা বলেন, ‘আমরা রাজনৈতিক সহকর্মী হিসেবে গোলাম হত্যার রায় কার্যকর দেখতে চাই।’
গোলামের ভাই এস এম গোলাম জিলানী রাজু বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকারীদের সাজার রায় কার্যকর দেখতে চাই।’
এই হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ নেতা বেন্টু বলেন, ‘এই মামলায় কেন আসামি হলাম, কেন বা জেল খাটলাম, তার অনেক বড় কাহিনী আছে। এর পেছনে কারা ছিল সেটি জানতে হবে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘গোলাম ছিলেন নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মতো একজন নেতাকে হত্যা করা সত্যি বেদনার বিষয়। হত্যাকাণ্ডের কিছুদিন আগে আওয়ামী লীগে যোগদান করেন বেন্টুসহ তাঁর পরিবারের লোকজন। তার আগে তাঁরা ওয়ার্কার্স পার্টি করতেন।










