সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নোঙর প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রচার অফিসটি পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নির্বাচনী প্রচার অফিসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে ছাই হয়ে যায় পুরো প্যান্ডেল ও ভেতরে থাকা প্রচার সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র। এ ঘটনায় জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনএম প্রার্থী আব্দুল মতিন অভিযোগ করেন, ‘আমার প্রতিপক্ষরা ভোটারদের ভয়ভীতি দেখাতে মালামালসহ অফিসে অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া মহারাজপুরে আমার প্রচারযানের চালককে মারধর করে তাড়িয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান রাজন ও তার দলবল। রামকৃষ্টপুর এলাকায় আমার প্রচারযান ভাঙচুর করে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে।’

‘এ ছাড়া পৌর এলাকার অন্তত ২৫/৩০টি স্থানে পোস্টার ও ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। বালিয়াডাঙ্গায় আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এমনকি কর্মীদের এলাকাছাড়া করা হয়েছে। আমার কর্মীদের প্রাণনাশের হুমকিসহ প্রতিনিয়ত আমার প্রচার কাজে প্রকাশ্যে বাধা প্রদান করা হচ্ছে,’ যোগ করেন আব্দুল মতিন। এ সময় এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘নির্বাচনী অফিসে খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। সে আগুন থেকেই পুরো নির্বাচনী অফিস পুড়েছে। আগুন লাগার ঘটনাটি আমরা তদন্ত করছি। ’

নোঙর প্রতীকের প্রার্থী যদি অভিযোগ দেয়, তাহলে তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।