সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি, আটক ১

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন।

বুধবার (১৪ নভেম্বর) রাতে এক অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি-৫৯। এ সময় অভিযানে একজনকে আটক করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা এলাকার তেলকুপি লম্বাপাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে মাহাবুব আলী (৩৫)।

উদ্ধারকৃত অস্ত্র হলো- ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩৬ রাউন্ড গুলি।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ৫৯ বিজিবি’র তেলকুপি বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক তেলকুপি গ্রামের ভোলামারী দিয়ে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমান গুলি চোরাচালান হবার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ নভেম্বর)  রাত ৯ টার দিকে ব্যাটালিয়নের হাবিলদার ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারীতে অভিযান পরিচালনা কর। এ সময় কয়লার দিয়াড়ে যাবার পথে মাহাবুব আলীকে চ্যালেঞ্জ করলে সে পালাতে  চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া করে তাকে আটক  করে। পরে তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আসামী, বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি মামলা দায়েরের মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।