
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীরা অস্বস্তিতে আছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রতিযোগিতায় বর্তমান সংসদ সদস্যরা নৌকা পেলেও শেষ পর্যন্ত তা ভাসিয়ে রাখতে পারবেন কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের দুশ্চিন্তা ততই বাড়ছে।

চাঁপাইনবাবগঞ্জের ১ ও ২ আসনে নৌকার বিপরীতে রয়েছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। তারা মূলত আওয়ামী লীগেরই নেতা। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে নৌকা ডোবাতে বিএনএম প্রার্থীর নোঙর প্রতীকের প্রচারে নেমেছেন আওয়ামী লীগের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
তবে নৌকার প্রার্থীরা বলছেন, যারা নৌকাবিরোধী তাদের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, আবার কেউ নৌকা ঠেকাতে ভিন্ন প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে এতে নৌকার বিজয়ে কোন প্রভাব পড়বে না।
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদ শিমুল। কিন্তু তার কঠোর প্রতিদ্বন্দ্বি হচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী তার সাথে রয়েছেন।
অন্যদিকে, অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীরও বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কেটলি প্রতিক নিয়ে। এই আসনে জাতীয় পার্টি, এনপিপি, বিএনএফ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আরও চার প্রার্থী থাকলেও তারা কেউই তেমন প্রতিদ্বন্দ্বিতায় আসার মতো প্রার্থী নন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক ঘোষণা আসার পর থেকেই মাঠে আছেন তিনি। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিতে চান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে স্বস্তিতে থাকতে পারছেন না নৌকার কান্ডারি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। তার শক্ত প্রতিদ্বন্দ্বি হচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এই আসনের তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় গোমস্তাপুর। সেখানে অনেক জনপ্রিয়তা রয়েছে মোস্তফা বিশ^াসের। সংসদ সদস্য থাকার সময় এলাকায় উন্নয়নও করেছেন।
এ নিয়ে কথা হলে নৌকার প্রার্থী জিয়া বলেন, ভোটে বিরোধী পক্ষ থাকবেই। তাতে কোনো ক্ষতি হবে না দলের ও নৌকার। প্রতিদ্বন্দ্বিতা করেই জয়লাভ করব।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনএম প্রার্থী নোঙর প্রতিকের মাওলানা আব্দুল মতিন। তার সাথে সমর্থন দিয়ে বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান তার দলবল নিয়ে মতিনের নোঙর প্রতীকের প্রচারে নেমেছেন। সাথে আছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনসহ বিভিন্ন নেতাকর্মী।
এ প্রসঙ্গে আব্দুল ওদুদ বলেন, ‘যারা এখন নৌকার বিপক্ষে, তারা আগেও নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। সুতরাং এদের নিয়ে শংকিত হবার কিছু নেই।








