সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক পরিচয়ে কোচিং সেন্টারে চাঁদাবাজির অভিযোগে মামলা

নিউজ ডেস্ক২৯ মে ২০১৭২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক পরিচয়ে কোচিং সেন্টারে চাঁদাবাজির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে একটি কোচিং সেন্টারে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবী করায় তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছে কোচিং সেন্টারের মালিক।

 
মামলার বিবরণে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ ভাড়া বাড়ীতে এ্যাডভান্স চাইল্ড কেয়ার ও প্রবলেম সলিউশান কোচিং সেন্টার সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। ঘটনার ২ মাস পূর্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের সহিদুর রহমান এর ছেলে ফারুক আহম্মেদ (৩২) ও একই এলাকার বাদশা আলীর ছেলে মেহেদি হাসান (২৮) নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মাঝে মধ্যে কোচিং এর মালিক অর্থাৎ বাদিনী মোসাঃ শামিমা নাসরিন এর নিকট ৫ লাখ টাকার চাঁদার দাবী করে আসছিল। আর চাঁদা না দিলে কোচিং এর বিরুদ্ধে ক্ষতিকর তথ্য পত্রিকায় প্রকাশের কথা বলে আসছিল।

 
গত ৩০ এপ্রিল বিকেল পৌনে ৬ টায় ওই ২ সাংবাদিকসহ আরো ২-৩ জন সশস্ত্র অবস্থায় কোচিং সেন্টারের অফিস কক্ষে অনাধিকার প্রবেশ করে ১ নং আসামী ফারুক আহম্মেদ বাদিকে লক্ষ্য করে প্রকাশ্য হুমকি দিয়ে বলে এ মুহুর্তে তাদেরকে ৫ লক্ষ টাকা দিতে হবে, নইলে মজা দেখাবো। এসময় ২নং আসামী মেহেদি হাসানসহ অজ্ঞাতনামা আসামীগণ তাদের হাতে থাকা চাকু ও ছোড়া বের করে বাদির বুকের উপর চেপে ধরে জবাই করার হুমকি দেয়।

 
এ সময় ১ নং আসামী তার ক্যামেরা দিয়ে কোচিং সেন্টারের শিশু ছাত্রী ও ছাত্রীদের উপস্থিত অভিভাবকদের ছবি তোলার চেষ্টা করলে উপস্থিত অভিভাবকরা তাকে বাঁধা প্রদান করলে আসামীরা বাদিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এসময় অফিসের টেবিলের কাঁচসহ জিনিষপত্র ভাংচুর করে চলে যায়। তবে, যাবার সময় ১নং আসামী বাদিকে লক্ষ্য করে বলে, অতিসত্বর তাদেরকে ৫ লাখ টাকা না দিলে তার ও তার কোচিং সেন্টারের বিরুদ্ধে পত্রিকায় অশালীন কথাবার্তা লিখে বেইজ্জত করার হুমকি দেয়।

 
এ ঘটনায় গত ২৮ মে কোচিং সেন্টারের মালিক মোসাঃ শামিমা নাসরিন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত ‘ক’ অঞ্চলে ৪৪৮/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে, আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফুল ইসলাম বাদির দায়েরকৃত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন।

 
অভিযুক্তদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় আরো ২টি মামলা রয়েছে বলে মামলার বাদি জানান ।

স/শ