নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে দারুণ সাফল্য পেয়েছে রাজশাহী তায়কোয়ানদো একাডেমি। প্রতিযোগিতার ফাইটিং ইভেন্টে অংশ নিয়ে একাডেমির পাঁচ খেলোয়াড়ই স্বর্ণপদক অর্জন করেছে। পাশাপাশি পুমসে বিভাগেও পাঁচটি স্বর্ণপদক জিতেছে দলটি। এ ছাড়া আরও তিনটি ব্রোঞ্জ ও একটি রৌপ্যপদক অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানদো একাডেমি।
১০ অক্টোবর বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় সিজেকেএস জিমনেসিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

ফাইটিং ইভেন্টে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির হয়ে রামিন, রুহি, কাব্য, জান্নাত ও মাধুর্য স্বর্ণপদক অর্জন করে। তাদের প্রত্যেকেই অপরাজিত থেকে প্রতিযোগিতা শেষ করে। অন্যদিকে পুমসে বিভাগে স্বর্ণপদক অর্জন করে কাউরিন, নেওয়াজ, কাব্য, রুহি ও মাধুর্য।
প্রতিযোগিতায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম তায়কোয়ানদো একাডেমি এবং রানারআপ হয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। যৌথভাবে রানারআপ হয়েছে বনানী তায়কোয়ানডো ক্লাব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।
আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় সাতটি জেলা ও ২৯টি ক্লাবের মোট ৪৮০ জন প্রতিযোগী অংশ নেয়।









