গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম। বুধবার সন্ধ্যায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিকুর রহমান আতিক। এছাড়া বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি এরশাদ আলী, রহনপুর রিপোর্টারস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার এবং সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক।
মতবিনিময় সভায় নবাগত ওসি নুরে আলম থানার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এসব সামাজিক সমস্যা মোকাবিলায় পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে সাংবাদিকদের মাঝে ফুলের তোড়া ও কলম বিতরণ করা হয়।









