নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর ছয়ঘাটি রাজাবাড়ী হাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজের প্রধান কার্যালয়ের এমএন্ডটি টিম লিডার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ-আল মঈন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জোনের জোনাল ম্যানেজার তৌফাজ্জল হোসেন, রাজশাহী সাব-জোনের সাব জোনাল ম্যানেজার মামুনুর রশিদ, নাটোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম এবং নাটোর জোনের সাব জোনাল ম্যানেজার জাসুদ মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের মোড়াপাড়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।
বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার, উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।বাংলাদেশী সংস্কৃতি
তারা আরও বলেন, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ১৯৭৫ সাল থেকে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে। নতুন এ ঋণ কার্যক্রমের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকার ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিজের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।









