সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৯৮৩ জন নিহত এবং ৩ হাজার ১২২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩০ জনেরও বেশি মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান সংঘাতের কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে।
হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং জ্বালানির সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।









