সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাইবান্ধায় বন্যা-পরবর্তী চাষাবাদে জেলার চরাঞ্চলগুলোতে সবুজের সমারোহ। বিশেষ করে জেলার চার উপজেলার ১৬৫টি চরে বিভিন্ন ফসলের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বছর গত তিন দিন বাদে আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় বেশির ভাগ ফসলের আবাদও হয়েছে ভালো। তবে মরিচের খেত নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।

খেতজুড়ে ছড়িয়ে পড়েছে অচেনা এক রোগ। শুরুতে মরিচ পচে যাওয়ার পর ধীরে ধীরে মরে যাচ্ছে গাছ। দফায় দফায় কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
চাষিদের ভাষ্য, প্রথমে গাছের কয়েকটি মরিচ পচে যাচ্ছে। এরপর ধীরে ধীরে গাছ ঝিমিয়ে পড়ছে এবং একপর্যায়ে পুরো গাছ মরে যাচ্ছে। পূর্ব অভিজ্ঞতা ও স্থানীয়ভাবে পাওয়া পরামর্শের ভিত্তিতে অনেকে এটিকে ছত্রাকজনিত পচন রোগ মনে করছেন। সে অনুযায়ী একাধিকবার ছত্রাকনাশকসহ বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না তারা। ফলে রোগটির প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বাড়ছে আর্থিক ক্ষতির শঙ্কা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর চর ও কঞ্চিপাড়া ইউনিয়নের খোলাবাড়িসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, চরাঞ্চলের কৃষকরা জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ সার প্রয়োগ করছেন, আবার কেউ আগাছা পরিষ্কার ও কীটনাশক ছিটাচ্ছেন। অনেক কৃষক পরিবারের নারী সদস্যদের নিয়েও মাঠে কাজ করছেন। তবে পরিচর্যার পাশাপাশি মরিচের অচেনা রোগ নিয়ে তাদের চোখেমুখে দেখা গেছে দুশ্চিন্তার ছাপ।
মরিচের খেত ঘুরে দেখা যায়, অনেক জমির গাছেই রোগের লক্ষণ রয়েছে। কোনো গাছের মরিচ পচে গেছে, কোনো গাছের পাতা ঝরে ঝিমিয়ে পড়েছে। আবার কোনো কোনো গাছ প্রায় মরে যাওয়ার অবস্থায় রয়েছে। রোগের লক্ষণ দেখে কৃষকরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করলেও তেমন উন্নতি হচ্ছে না।
উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার কৃষক হাবিল মিয়া এবার পাঁচ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। আশ্বিন মাসের দিকে জমিতে মরিচ লাগানোর পর থেকে ভালো ফলনের প্রত্যাশা ছিল তার। কিন্তু অচেনা রোগে ইতোমধ্যে দুই বিঘা জমির মরিচ প্রায় নষ্ট হওয়ার পথে।
কৃষক হাবিল মিয়া বলেন, এখন পর্যন্ত মরিচ চাষে ৩ লাখ টাকার বেশি খরচ হয়েছে। গাছে মরিচ ধরতে শুরু করেছিল। আবহাওয়াও ভালো ছিল। কিন্তু হঠাৎ এই রোগে সব এলোমেলো হয়েছে। দুই বিঘা জমির ফসল প্রায় শেষ। চার-পাঁচ দফা কীটনাশক স্প্রে করেও কোনো সমাধান হয়নি। শুধু ওই দুই বিঘাতেই দেড় লাখ টাকার বেশি লোকসান হয়েছে। বাকি তিন বিঘা জমির অবস্থাও ভালো নয়। স্থানীয় একটি কীটনাশকের দোকান থেকে বাকিতে ওষুধ নিয়ে সেগুলো প্রয়োগ করেছেন বলেও জানান তিনি।
একই এলাকার রশিদুল ইসলম নামের চাষি জমি বন্ধক নিয়ে আড়াই বিঘা জমিতে মরিচের চাষ করেছেন। তিনি জানান, বিঘা প্রতি লাখ টাকায় পটকা (এক সিজনে দুইবার চাষবাদ করেই শেষ) নিয়ে মরিচ চাষ করছেন তিনি। এর ওপর হাল, সার, কীটনাশক, শ্রমিকের খরচ। তারওপর এই রোগে কয়েক দফা কীটনাশক প্রয়োগে খরচ বেড়েছে তার।
রশিদুল বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় মরিচের আবাদও ভালো হয়েছিল। কিন্তু এই রোগে সবাই দুশ্চিন্তায় পড়েছেন। উৎপাদন খরচ তুলতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।
কৃষক ইসহাক আলী বলেন, খেতের রোগ সারাতে অনেক চেষ্টা করছেন তারা। একদিকে ওষুধের পেছনে বাড়তি খরচ হচ্ছে, অন্যদিকে জ্বালানি তেলের দামও বেড়েছে। এ অবস্থায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দরকার। তিনি সাড়ে তিন বিঘা জমিতে মরিচ এবং ৯ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন।
এ এলাকার বয়স্ক ও অভিজ্ঞ কৃষক রেজাউল মিয়া বলেন, এর আগে মরিচের গাছে একই ধরনের সমস্যা দেখা দিলে পচন রোগের ওষুধ প্রয়োগে ভালো হয়েছে। কিন্তু এবার বারবার ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। গাছ মরে যাচ্ছে। রোগটি আসলে কী, তা তারা বুঝতে পারছেন না। একই সমস্যার কথা জানান স্থানীয় মরিচ চাষি ইসমাইল হোসেনও।
অন্যদিকে, কঞ্চিপাড়া ইউনিয়নের খোলাবাড়ি এলাকার কৃষক জাহিদুল হক ১৫ শতক জমিতে মরিচ চাষ করেছেন। ইতোমধ্যে তার খরচ হয়েছে ১৫ হাজার টাকা। কিন্তু রোগের কারণে গাছগুলো মরে যাচ্ছে।
জাহিদুল হকের অভিযোগ, তাদের এলাকায় বিএসদের (বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা) মাঠে খুব একটা দেখা যায় না। ফলে কৃষকরা নিজেরাই কীটনাশকের দোকানে গিয়ে পরামর্শ নেন এবং সেই অনুযায়ী জমিতে ওষুধ প্রয়োগ করেন।
মাঠে কৃষি কর্মকর্তাদের উপস্থিতি কম, তৎপর কোম্পানির প্রতিনিধিরা
কৃষকদের অভিযোগ, ফসলের মাঠে সরকারি কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত পাওয়া না গেলেও বিভিন্ন কীটনাশক ও বীজ কোম্পানির প্রতিনিধিদের বেশ তৎপর দেখা যায়। তারা কৃষকদের ফসলের সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানের ওষুধ, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারে উৎসাহিত করেন। এতে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি বা অনুপযুক্ত কৃষি উপকরণ ব্যবহারের ঝুঁকিতে পড়ছেন কৃষকরা।
রতনপুর এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, মাঠে কোম্পানির প্রতিনিধিদের সহজে পাওয়া যায় বলে কৃষকরা তাদের কাছ থেকেই পরামর্শ নেন। কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত মাঠে পাওয়া গেলে তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হতো। এতে ভুল ওষুধ প্রয়োগের ঝুঁকি কমত।
তিনি আরও বলেন, বাকিতে ওষুধ ও অন্যান্য উপকরণ নেওয়ার কারণে অনেক সময় ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন কৃষকরা।
বাকির সুবিধায় বাধা কৃষক, বাড়ছে নির্ভরশীলতা
কৃষক ও কৃষিসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরাঞ্চলের অনেক কৃষক আর্থিক সংকটের কারণে বাকিতে সার, বীজ ও কীটনাশক কেনেন। ফসল ঘরে তোলার পর কিংবা মৌসুম শেষে টাকা পরিশোধের সুযোগ থাকায় তারা নির্দিষ্ট কিছু দোকানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। ফলে অনেক ক্ষেত্রে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কৃষি উপকরণ কেনার সুযোগ থাকছে না। দোকানির পরামর্শ অনুযায়ী পণ্য কিনতে হচ্ছে তাদের। এতে নিম্নমানের বা অনুপযুক্ত কৃষি উপকরণ ব্যবহারের ঝুঁকিও তৈরি হচ্ছে।
দক্ষিণ রসূলপুরের কৃষক ওমর ফারুক বলেন, বাকিতে কৃষি উপকরণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে কৃষকদের কিছুটা সুবিধা হলেও পরে নানা সমস্যায় পড়তে হয়। বাকিতে পণ্য নিলে অনেক সময় নির্দিষ্ট দোকান থেকে দেওয়া কোম্পানির ওষুধ, বীজ ও ভিটামিন ব্যবহার করতে হয়। নিজের প্রয়োজন অনুযায়ী অন্য কোম্পানির পণ্য কেনার সুযোগ থাকে না। অনেক ক্ষেত্রে দোকানিরা বেশি লাভের পণ্য দেন। এতে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। রোগাক্রান্ত ফসলের নমুনা নিয়ে কৃষকরা কৃষি অফিসে এলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ও সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ পরীক্ষিত ও অনুমোদিত কৃষি উপকরণ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।
তিনি আরও বলেন, বাকিতে পণ্য পাওয়ার সুবিধার কারণে অনেক কৃষক কখনো কখনো বেনামি বা নিম্নমানের বীজ ও কীটনাশক কিনে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের পণ্য ব্যবহার না করে কৃষকদের সরাসরি কৃষি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপউপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, কৃষকদের উন্নয়নে ও তাদের প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সব সময় কৃষকদের পাশে থেকে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশনা রয়েছে। এই বিষয়টিও খোঁজ-খবর নিয়ে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি মওসুমে গাইবান্ধায় ১ হাজার ৯৫৬ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ৬৮ হেক্টর, সাদুল্লাপুরে ১৬৫, পলাশবাড়িতে ৪৫, গোবিন্দগঞ্জে ১৪৫, সুন্দরগঞ্জে ১২২, সাঘাটায় ৪৯১ ও ফুলছড়িতে ৯২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।










