সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের বোর্ড গঠনে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৮৩ মিনিট পড়া
খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের বোর্ড গঠনে হাইকোর্টের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি এবং তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালত বলেছেন, বিএসএমএমইউর চিকিৎসক ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল জলিল চৌধুরী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোর্ডে থাকবেন।

আর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলীর বদলে নতুন ৩ জনকে বোর্ড সদস্য হিসেবে মনোনীত করবে সরকার।

তবে ওই ৩ জনের কেউই বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাব ও আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন স্বাচিপের বর্তমান বা অতীত সদস্য ও সমর্থক হতে পারবেন না। বোর্ডকে দ্রুত খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি ও চিকিৎসাসেবা শুরুর নির্দেশও দিয়েছেন আদালত।

আদেশে বলা হয়েছে, খালেদা জিয়া তার পছন্দের ফিজিওথেরাপিস্ট, গাইনিকোলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। বোর্ডের অনুমোদন সাপেক্ষে তিনি বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন। ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া রিট করেন, গত মঙ্গল ও বুধবার শুনানি হয়। বৃহস্পতিবার আদেশের সময় ঠিক ছিল।

আদালতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র অ্যাড. এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাড. জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, আমিনুল ইসলাম, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন। আদালত আদেশে বলেছেন, খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, তাকে কারা এবং বিএসএমএমইউ কর্তৃপক্ষকে যথাযথ সম্মানের সঙ্গে মানসম্মত চিকিৎসা দিতে হবে।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাড. জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার চিকিৎসা দরকার। আদালত সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। অপর আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এ আদেশে আমরা আপতত খুশি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক। তার চিকিৎসায় সরকার কখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।’ এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘আমরা এই আদেশের বিরোধিতা করিনি। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তার পছন্দমতো বা ইচ্ছামতো হাসপাতালে চিকিৎসা হতে পারে না। তাকে চিকিৎসা সরকার দেবে, সরকারের অধীনে রেখে। তার নিরাপত্তার কথা ভেবেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আদালত বলেছেন, যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে সরকারের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে হবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। ৫ বছরের দণ্ড নিয়ে তিনি নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন। তার আরেক মামলার বিচারের জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হয়। সেই বিচার চলাকালে খালেদা জিয়া বলেন, আমি অসুস্থ। পা ফুলে যায়। আপনারা যা ইচ্ছা রায় দেন। আমি আর আসতে পারব না। এরপর খালেদা জিয়ার আইনজীবীরাও তার সঙ্গে দেখা করে গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় দাবি করে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা বলেছেন।