সদ্য প্রকাশিত
রাজনীতি

‘খালেদা জিয়াকে কারাবন্দির নীলনকশা হয়েছে ২০০৯ থেকে’

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৮২ মিনিট পড়া
‘খালেদা জিয়াকে কারাবন্দির নীলনকশা হয়েছে ২০০৯ থেকে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম জিয়ার সাফল্য ও জনপ্রিয়তাকে শেখ হাসিনা মেনে নিতে পারেন না বলেই তাকে জনবিচ্ছিন্ন করতে কারাগারে বন্দি করে রেখেছেন। বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করার পরিকল্পনা শেখ হাসিনা অনেক আগেই করেছিলেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি নীলনকশা অনুযায়ী কাজ করতে শুরু করেন। সুতরাং গত পরশু’র বক্তব্য সত্যের অপলাপ।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সত্যের অপলাপ হিসেবে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। ওইদিন জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়নি। রাজনৈতিকভাবে গ্রেপ্তার করলে ২০১৪-২০১৫ সালে করা যেত’। এরই জবাবে তিনি এমন কথা বলেন।

রিজভী বলেন, বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না- এমন নির্দেশনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত সরকারের হুমকির মুখে ইসির প্রতিরোধহীন আত্মসমর্পন। আগামী নির্বাচনগুলোতে সরকার খুলনা-গাজীপুর মার্কা নতুন মডেলের ভোট সন্ত্রাসের নির্বাচন নির্বিঘ্ন করতেই ইসি তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।

বরিশাল ও রাজশাহীর সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, অস্বাভাবিক টাকা খরচ দৃশ্যমান হলেও সেখানে নির্বাচনী কর্মকর্তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। বরিশালে বিএনপির সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলছে, মাইক ভাঙচুর করছে, সমর্থকদের মারধর করছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নেতা আবেদ রাজা প্রমুখ