ভ্রমণ

খাগড়াছড়ির রিছাং ঝর্ণা ও আলুটিলা ‘রহস্যময়’ গুহায় পর্যটকদের ভিড়

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার অন্যতম আকর্ষণ আলুটিলা পর্যটনকেন্দ্রের রহস্যময় গুহা এবং রিছাং ঝর্ণা ঘিরেই সবচেয়ে বেশি ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এসব দর্শনীয় স্থানে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। বাইরের পর্যটক ছাড়াও স্থানীয় দর্শনার্থীরা আসছেন দলবেঁধে।

স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের তথ্যমতে, এবারের ঈদে খাগড়াছড়িতে কয়েক দিনে প্রায় ১৫ থেকে ২০ হাজার পর্যটকের আগমন ঘটেছে। বিশেষ করে আলুটিলার অন্ধকারাচ্ছন্ন, সরু পথের রহস্যময় গুহা পর্যটকদের কাছে এক অন্যরকম রোমাঞ্চের অনুভূতি এনে দেয়। অন্যদিকে পাহাড়ি পথ পেরিয়ে সবুজে ঘেরা রিছাং ঝর্ণার স্বচ্ছ পানির ধারা পর্যটকদের ক্লান্তি দূর করে দেয় মুহূর্তেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থানে রয়েছে ভিড়।

তবে ঈদের ছুটি শেষ হওয়ায় অনেক পর্যটক ইতিমধ্যে ফিরে গেছেন, বা ফিরছেন। এর পরও যারা দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন, তারা আলুটিলা পর্যটনকেন্দ্র, জেলা পরিষদ পার্কসহ জেলার অন্যান্য বিনোদনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে, জ্বালানি তেলের অপ্রতুলতায় বিপাকে পড়েছেন অনেক পর্যটক। মোটরসাইকেলে করে আসা পর্যটকদের একটি অংশ খাগড়াছড়িতে এসে অকটেন বা পেট্রল না পেয়ে সাজেক যাওয়ার পরিকল্পনা বাতিল বা সীমিত করতে বাধ্য হয়েছেন।

আলুটিলা পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, জেলার একাধিক ফিলিং স্টেশনে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেউ কিছুটা পেয়েছেন। কেউ পাননি।