লালপুর (নাটোর) প্রতিনিধি:
উন্নয়ন প্রশ্নে কারো রক্তচক্ষুকে ভয় করি না উল্লেখ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি বলেছেন, “ফ্যাসিস্ট সরকারের সময় রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। ইডেন কলেজ ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী আমাকে এলাকার উন্নয়নের জন্য দায়িত্ব দিয়েছেন, যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ইনশাল্লাহ আমি উন্নয়ন কাজ করে যাবো।”

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য তুলি আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে এবং এলাকাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। কোনো অপশক্তিই তার এই উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে পারবে না।
বিশিষ্ট সমাজসেবক বকুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা তানজির হোসেন লিটু, ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী ইমন এবং উপজেলা মহিলা দলের নেত্রী মাসুরা আক্তার তিশা প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।









