সদ্য প্রকাশিত
রাজনীতি

কাল পর্যন্ত সময় চায় বিএনপির স্থায়ী কমিটি

নিউজ ডেস্ক২৮ জুন ২০১৯২ মিনিট পড়া
কাল পর্যন্ত সময় চায় বিএনপির স্থায়ী কমিটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন কমিটি গঠন কেন্দ্র করে ছাত্রদলের বিলুপ্ত কমিটির ক্ষুব্ধ নেতাদের কাছ থেকে আগামীকাল শনিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

জবাবে ক্ষুব্ধ নেতারা বলছেন, সে ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের জন্য ফরম বিতরণ ওই দিন পর্যন্ত বন্ধ রাখতে হবে। এ অবস্থায় বিশ্বাসযোগ্য কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ নেতারা আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান ক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে এই বৈঠক।

সূত্র জানায়, বৈঠকে সিনিয়র নেতারা বিক্ষুব্ধ ছাত্রনেতাদের কাছে তাদের দাবি-দাওয়া জানতে চান। এ সময় ছাত্রনেতারা তাদের আগের তিনটি দাবির সঙ্গে নতুন করে দলের সিন্ডিকেট ভাঙার দাবি তোলেন। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কমিটি গঠনে বয়সের সীমা রাখা যাবে না। আগামী জানুয়ারি পর্যন্ত ৬ মাসের স্বল্পকালীন এবং পরের কমিটিও এক বছর মেয়াদে গঠন করতে হবে।

সিনিয়র নেতারা ছাত্রদলের নেতাদের জানান, তাদের দাবিসমূহ শনিবার স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপন করবেন। এর জন্য তাদের দু’দিন সময় দিতে হবে। এ সময় ছাত্রদলের নেতারা জানান, তারা সময় দিতে রাজি আছেন। তবে এ সময়ের মধ্যে সংগঠনের কাউন্সিল-২০১৯ কার্যক্রম বন্ধ রাখতে হবে। কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরণ করা যাবে না।

জবাবে সিনিয়র নেতারা জানান, কাউন্সিলের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এটা একমাত্র তারেক রহমান জানেন। তিনি না বললে কাউন্সিলের জন্য মনোনয়ন ফরম বিতরণ চলবে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতারা তাদের জানিয়ে দিয়েছেন, যদি ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয় তাহলে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন।