নিজস্ব প্রতিবেদক:
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন এলে এই দেশের সংকট কোথায় কীভাবে কার্যকর আছে তার পুরো চিত্র বোঝা যায়। নির্বাচনকে ঘিরে নানারকম প্রস্তাব-পাল্টাপ্রস্তাব থাকলেও দেখা যায় যে, সেগুলো দেশের সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। এগুলো প্রধানত জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগির ঐক্য হিসেবে প্রতীয়মান হচ্ছে। অথচ এই দেশে যেখানে একটি কাঠামোবদ্ধ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিকভাবে বজায় আছে, সেহেতু এখানে একটি কাঠামোবদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বানেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে; কোনো সিট বা আসন ভাগাভাগির ভিত্তিতে নয়। তিনি একটি জাতীয় সনদ অবিলম্বে ঘোষণা করবেন বলে জানান।
আজ শনিবার গণসংহতি আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাটি বিকেল ৪ টায় নগরীর মুনলাইট গার্ডেনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
সভাটি পরিচালনা করেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার সংগঠক নাবিল নেয়াজ।

স/শা










