সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬৬ মিনিট পড়া
কঙ্গোতে ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পূর্ব কঙ্গোর বুনিয়া শহরে ইবোলা মহামারির ভয়াবহতা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে। শহরের কবরস্থানগুলোতে নতুন কবরের সংখ্যা এবং দাফনের হার বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কবরস্থানের চিত্র বলছে, ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি।
বুনিয়ার নিয়ামুরোঙ্গো কবরস্থানে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলেন কবর খননকারী সালোমন মুগিসা। মুগিসা জানান, বছরের শুরুতে এই কবরস্থানে প্রতিদিন দুই থেকে তিনজনকে দাফন করা হতো। কিন্তু এপ্রিলের শেষ দিকে বুনিয়ায় ইবোলা মহামারি ছড়িয়ে পড়ার পর দাফনের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

তিনি বলেন, ‘আমরা দিনে পাঁচ, ১০, এমনকি ১৫ জনকেও দাফন করেছি। এই সংখ্যা শুধু বাড়তেই থাকে।’ জুলাই মাসে রয়টার্সের প্রতিনিধিরা কবরস্থানটি পরিদর্শন করলে মুগিসা জানান, এপ্রিল থেকে সেখানে প্রায় ৬০০ জনকে সমাহিত করা হয়েছে। অথচ ওই সময় কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ পুরো বুনিয়া শহরে ইবোলায় মৃত্যুর সংখ্যা ২০০-এর কম বলে নথিভুক্ত করেছিল।

১৫ মে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর পুরো কঙ্গোজুড়ে ১১ হাজার ৫০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

রয়টার্স নিয়ামুরোঙ্গোসহ বুনিয়ার আরো দুটি প্রধান কবরস্থানের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে। সেখানেও একই চিত্র দেখা গেছে। সরকারি হিসাবে ইবোলায় যত মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, কবরস্থানগুলোতে নতুন কবরের সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইবোলা মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে।
বুনিয়া শহরে ইবোলা মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নির্ণয় করতে মহামারি শুরুর আগের বছরের সঙ্গে পরবর্তী সময়ে নতুন কবরের সংখ্যা তুলনা করেছে রয়টার্স। স্বাস্থ্য কর্মকর্তারা এ ধরনের মৃত্যুকে ‘অতিরিক্ত মৃত্যু’ (এক্সেস ডেথ) বলে থাকেন। পরে এই সংখ্যা ইবোলায় মৃত্যুর সরকারি হিসাবের সঙ্গে তুলনা করা হয়।

সময়ের সঙ্গে দুই হিসাবের ব্যবধান কিছুটা কমলেও নভেম্বরের শুরুতে বুনিয়া শহরে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। ইবোলায় মৃত্যুর সরকারি সংখ্যা ছিল ৭০৭। অর্থাৎ কবরস্থানের তথ্য অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ৫০ শতাংশেরও বেশি।

তবে অতিরিক্ত মৃত্যুর সবগুলোই সরাসরি ইবোলার কারণে হয়েছে, এমনটি নিশ্চিত করে বলা যায় না। মহামারির পরোক্ষ প্রভাবেও অনেক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। যেমন, ইবোলায় আক্রান্ত হওয়ার ভয়ে অন্য রোগে আক্রান্ত অনেকেই হাসপাতালে যাননি। উল্লেখ্য, এই ভাইরাসের এখনো কোনো কার্যকর চিকিৎসা বা নিরাময় নেই।

রয়টার্সের এই বিশ্লেষণকে প্রকৃত মৃত্যুর সংখ্যা কম গণনার বিষয়টি পরিমাপের প্রথম বিস্তারিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর ফলাফলের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাক্কলনেরও মিল রয়েছে। গত জুলাইয়ে সংস্থাটি জানিয়েছিল, ইবোলা মহামারির প্রকৃত ব্যাপ্তি প্রকাশিত তথ্যের তুলনায় দুই থেকে চার গুণ বেশি ছিল।

কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতিতে মৃত্যুর হিসাব পেতে দেরি হলে বা নির্ভরযোগ্য তথ্য না থাকলে জনস্বাস্থ্য কর্মকর্তারা ‘অতিরিক্ত মৃত্যু’ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। বুনিয়া শহরে ইবোলায় মৃত্যুর বিষয়ে রয়টার্সের প্রাক্কলনও প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে। কারণ, শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ছোট ছোট কবরস্থান এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়নি। রয়টার্সের বিশ্লেষণ নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল রিসার্চের প্রধান জ্যঁ-জ্যাক মুয়েম্বে বলেন, ইবোলায় সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যু এবং প্রকৃত মৃত্যুর সংখ্যার মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক। কারণ, মহামারিটি অনেক দেরিতে শনাক্ত হয়েছিল। তবে তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত মৃত্যুর হিসাব থেকে পাওয়া ধারণা মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জরুরি প্রস্তুতি ও সাড়াদান বিভাগের প্রধান ইয়াপ বুমও এই ফলাফলকে মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করেন। তিনি জানান, মহামারির শুরুর দিকে পরীক্ষা, নজরদারি ও জরুরি সাড়াদান ব্যবস্থা পুরোপুরি কার্যকর না থাকায় সাধারণত অতিরিক্ত মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা যায়।

স্বর্ণখনি এলাকায় মৃতের সংখ্যা গণনা

অতিরিক্ত মৃত্যুর হার এবং সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যুর সংখ্যার পার্থক্য বিশ্লেষণ করে বিভিন্ন সময়ে রোগ শনাক্তকরণ ও পরীক্ষাব্যবস্থার কার্যকারিতা বোঝা যায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত না হলে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদেরও শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের আরো বেশি সমস্যায় পড়তে হয়।

বিশ্লেষণে দেখা গেছে, ইবোলা প্রাদুর্ভাবের শুরুর দিকে মৃতের সংখ্যা গণনায় সবচেয়ে বেশি ঘাটতি ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে বিভিন্ন মহামারির ক্ষেত্রেই এমন চিত্র দেখা যায়। তবে সময়ের সঙ্গে সরকারি হিসাব ও অতিরিক্ত মৃত্যুর সংখ্যার ব্যবধান কমে আসা থেকে বোঝা যায়, রোগ শনাক্তকরণ ও তথ্য সংগ্রহের ব্যবস্থায় উন্নতি হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের এপিডেমিওলজি ও অ্যানালিটিক্স বিভাগের প্রধান অলিভিয়ে ল্য পোলেইন বলেন, ‘এখনো এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যে অনেক আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর ঘটনা কখনোই শনাক্ত করা সম্ভব হয়নি।’

বিশ্লেষণ অনুযায়ী, জুনের শেষ নাগাদ বুনিয়া এলাকায় অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ৫৮০ ছাড়িয়ে যায়, যা সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যুর প্রায় সাত গুণ। সেপ্টেম্বর নাগাদ এই সংখ্যা বেড়ে প্রায় ৯৫০-এ পৌঁছায়, যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।

ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, কঙ্গোতে ইবোলা মহামারির কেন্দ্রস্থল বুনিয়া শহরে সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। এ সংখ্যা নিরূপণে মহামারি শুরুর আগের বছরের সঙ্গে পরবর্তী সময়ে কবর খোঁড়ার সংখ্যা তুলনা করা হয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা এ পদ্ধতিকে ‘অতিরিক্ত মৃত্যু’ (এক্সেস ডেথ) বলে অভিহিত করেন। এটি মহামারির সঙ্গে সম্পর্কিত মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্পর্কে ধারণা দেয়।

বুনিয়ার সবচেয়ে বড় কবরস্থান নিয়ামুরোঙ্গোতে মহামারির আগের বছর প্রতিদিন গড়ে ২ দশমিক ৪টি নতুন কবর খোঁড়া হতো। রয়টার্সের তথ্য অনুযায়ী, জুন মাসে এই সংখ্যা বেড়ে প্রতিদিন ৯টির বেশি হয়। তবে নভেম্বরের শুরুতে তা কমে ৪ দশমিক ৫-এ নেমে আসে।

রয়টার্সের বিশ্লেষণে বুনিয়ার তিনটি কবরস্থানের পাশাপাশি শহরটির উত্তরে অবস্থিত স্বর্ণখনি এলাকা মংবওয়ালুর প্রধান কবরস্থানও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, এই এলাকাতেই ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়েছিল। সরকারি হিসাব অনুযায়ী, বুনিয়ায় ৭৫০ জনের বেশি এবং মংবওয়ালুতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, মহামারি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কবরস্থানগুলোর আয়তন দ্রুত বেড়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আগে ফাঁকা পড়ে থাকা বিশাল এলাকাজুড়ে সারি সারি নতুন কবর তৈরি হয়েছে। মংবওয়ালুর চিত্রও প্রায় একই।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, আগস্ট মাস নাগাদ সেখানকার সবচেয়ে বড় কবরস্থানেই অতিরিক্ত মৃত্যুর সংখ্যা মংবওয়ালু ও আশপাশের গ্রামগুলোতে ইবোলায় সরকারি হিসাবে নথিভুক্ত মৃত্যুর চেয়ে ২৫ শতাংশ বেশি ছিল।

জুলাই মাসে সাংবাদিকেরা মংবওয়ালু পরিদর্শনে গেলে কবরস্থানকর্মী ও স্থানীয় কর্মকর্তারা তাদের আরো সাতটি কবরস্থানের সন্ধান দেন। তাদের দাবি, এসব কবরস্থানে কয়েক শ মানুষকে সমাহিত করা হয়েছে, যারা সবাই ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।