খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি উন্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আর মাত্র চার দিনের অপেক্ষা। এবিজি স্পোর্টস সিটিতে মাঠে গড়াচ্ছে তরুণদের বহুল প্রতীক্ষিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’।

ক্রিকেট ও ফুটবলের এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি দল।
টুর্নামেন্ট ঘিরে এরই মধ্যে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে জমে উঠেছে ব্যাপক প্রচারণা। উৎসবের আমেজ তুঙ্গে তুলতে প্রস্তুত আয়োজকরাও। টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিকতা হিসেবে আগামীকাল বিকেলে এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারিনায় অনুষ্ঠিত হবে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।

একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘ক্যাপ্টেনস মিট’, যেখানে ১০টি বিশ্ববিদ্যালয়ের অধিনায়করা উপস্থিত থেকে নিজ নিজ দলের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানাবেন।
আগামীকালের এই আয়োজনেই নির্ধারণ করা হবে ক্রিকেট ও ফুটবলের চূড়ান্ত গ্রুপিং ও ম্যাচের ফিকশ্চার।

এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন স্পোর্টস ভেন্যু এবিজি স্পোর্টস সিটিজুড়ে এখন তারুণ্যের উন্মাদনা। টুর্নামেন্টের টি-টোয়েন্টি ক্রিকেট লড়াই অনুষ্ঠিত হবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

এই ভেন্যুতেই আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের লাল বলের ম্যাচ। যা ইউনিভার্সিটি কাপে অংশ নেওয়া উদীয়মান তরুণ ক্রিকেটারদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
অন্যদিকে টুর্নামেন্টের ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন ফুটবল ভেন্যু কিংস অ্যারিনায়। যেখানে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া শক্তিশালী অস্ট্রেলিয়া জাতীয় দল তাদের বাছাই পর্বের ম্যাচ খেলে গেছে। সব মিলিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরুর আগেই আকর্ষণ কাড়তে সক্ষম হয়েছে।