খেলা

এবার রহমতগঞ্জে ধরাশায়ী শেখ রাসেল

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
এরপর আজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হয় তারা। আজও হার এড়াতে পারেনি শেখ রাসেল। ২-০ গোলে তারা রহমতগঞ্জের কাছে ধরাশায়ী হয়েছে।

বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। কিন্তু মিন্টু শেখ বারের উপর দিয়ে উড়িয়ে মারেন। ৩০ মিনিটে আরো একটি সহজ সুযোগ মিস করে তারা। এবার পল এমিলের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভ্রষ্ট শট নেন আলমগীর কবির রানা। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে রহমতগঞ্জের গোলরক্ষক মাসুম বল ধরতে ব্যর্থ হন। শেখ রাসেলের পল এমিল এ সময় বল পেলেও বারের উপর দিয়ে মারেন।

ম্যাচের ৭৬ মিনিটে মেহবুব হাসান নয়ন রহমতগঞ্জকে এগিয়ে নেন। তাকে গোলে সহায়তা করেন সিয়ো জোনাপিও। ৮৮ মিনিটে মিডফিল্ডার মো. আলাউদ্দিন গোলের দেখা পেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পুরান ঢাকার দলটি। শেষ পর্যন্ত একই ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়।

সূত্র: রাইজিংবিডি