সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)-তে শিগগিরই আরেক দফা রদবদল ঘটাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর এমন প্রতিবেদন সত্য হলে সহসাই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, এরইমধ্যে এনএসসি’র উপদেষ্টা ম্যাকফারল্যান্ড’কে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প।

ম্যাকফারল্যান্ড’কে অবশ্য এখনই সরে যেতে হচ্ছে না। দুই সপ্তাহ বাড়তি সময় পাচ্ছেন তিনি। অর্থাৎ, তার স্থলাভিষিক্ত হওয়ার মতো উপযুক্ত কাউকে নিয়োগের আগ পর্যন্ত দুই সপ্তাহের জন্য দায়িত্বে থাকছেন। এরপর তাকে সিঙ্গাপুরে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
পেশাগত জীবনে এর আগে ট্রাম্পপন্থী মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাকফারল্যান্ড। ২০১৬ সালের ৮ নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ম্যাকফারল্যান্ড’কে এনএসসি’তে নিয়োগ দেন ট্রাম্প।
এখন ম্যাকফারল্যান্ড এনএসসি’র দায়িত্ব ত্যাগ করলে তার স্থলাভিষিক্ত কে হবেন; সে ব্যাপারে নিজ থেকে কোনও সিদ্ধান্ত নেবেন না ট্রাম্প। এ পদের জন্য নতুন কাউকে বাছাইয়ের দায়িত্ব পড়েছে এনএসসি’তে ক্রমেই প্রভাবশালী হয়ে উঠা ম্যাকমাস্টার-এর ওপর। হোয়াইট হাউস-এর সাম্প্রতিক রদবদল প্রক্রিয়া সম্পর্কে অবগত; নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
সূত্রটি বলছে, ম্যাকমাস্টার-এর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ম্যাকফারল্যান্ড। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প’ও এনএসসি’র লাগাম তুলে দিয়েছেন সেনাবাহিনীর লেফট্যান্যান্ট জেনারেল ম্যাকমাস্টার-এর হাতে। নিজের মতো করে তাকে দফতর গুছিয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছেন ট্রাম্প।
চলতি এপ্রিলেই ট্রাম্প শিবিরের প্রভাবশালী ব্যক্তি হোয়াইট হাউসের চিফ স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যানন’কে এনএসসি’র ‘প্রিন্সিপালস কমিটি’ থেকে সরানোর দাবি তোলেন ম্যাকমাস্টার। এক পর্যায়ে এনএসসি থেকে নিজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যানন’কে সরিয়ে দেন ট্রাম্প। এ ঘটনার পর ম্যাকমাস্টার দাবি করেন, স্টিভ ব্যানন-এর চলে যাওয়া কোনও বড় ইস্যু নয়।
ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে এনএসসি থেকে ব্যানন-এর অপসারণ নিয়ে কথা বলেন ম্যাকমাস্টার। তিনি বলেন, আমার কাছে এটাকে খুব তাৎপর্যপূর্ণ কিছু বলে মনে হয় না। আমার কাছে বরং মনে হয়, তার চলে যাওয়ার বিষয়টি প্রেসিডেন্ট পরিষ্কার করেছেন। যারা সংস্থার প্রতিটি বৈঠকে নিয়মিতভাবে অংশ নেন; আমেরিকান জনগণের স্বার্থে যারা তাকে দীর্ঘমেয়াদী পরামর্শ দেবেন তাদের ওপরই আস্থা রেখেছেন প্রেসিডেন্ট।
সম্ভাব্য এই সর্বশেষ রদবদলকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। কারণ এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এনএসসি’র উপদেষ্টার পদ ছাড়তে বাধ্য হন ম্যাকমাস্টার-এর উত্তরসূরি মাইকেল ফ্লিন।
ম্যাকফারল্যান্ড’কে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেওয়া হলেও ট্রাম্পের কাছাকাছিই থাকছেন স্টিভ ব্যানন। হোয়াইট হাউসের চিফ স্ট্রাটেজিস্ট হিসেবে নানা বিষয়ে ট্রাম্পকে পরামর্শ দেবেন তিনি।
ম্যাকমাস্টার বলেন, ট্রাম্পের আস্থাভাজন মানুষের তালিকায় রয়েছেন স্টিভ ব্যানন। এটা পরিবর্তিত হয়নি।
সূত্র: বাংলা ট্রিবিউন










