পাবনা

ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক১০ মে ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)।

জেলা পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও শিমুলকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ভুট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করেছে পুলিশ।

পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।