সদ্য প্রকাশিত
রাজনীতি

ঈদে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করছে না বিএনপি

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৯২ মিনিট পড়া
ঈদে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করছে না বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবারের ঈদে কোনো শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করছে না বিএনপি। কারাগার থেকে দলটির বহু নেতাকর্মী বের হয়ে এলেও নেত্রী খালেদা জিয়া বন্দি রয়েছেন। সব মিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিএনপির।

বিএনপির নেতারা বলছেন, দলীয় প্রধান কারাবন্দি, অন্যদিকে ডেঙ্গু আর বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। সবকিছু মিলিয়ে এবারও দলটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

এবার ঈদে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও বিদেশে চিকিৎসাধীন।

দেশে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান এবং মির্জা আব্বাস। তবে তাঁরা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঢাকাতেই ঈদ করবেন।

সেলিমা রহমানও এবারের ঈদে ঢাকায় থাকছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু দলীয় কর্মসূচি পালন শেষে নিজেদের এলাকায় যাবেন।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মোশাররফ ঢাকায় থাকবেন, তার দুই সন্তান ডেঙ্গু রোগে আক্রান্ত।

সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই ঈদের সময় ঢাকাতে থাকেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদে বিএনপির নেতাকর্মীরা বেলা ১২টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে বনানীতে জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। এছাড়া পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। দলের নেতারাও দেখা করার চেষ্টা করবেন।