এ ছাড়া থাকছে ৫৮টি মোবাইল পেট্রোলিং টিম, ৩৬টি বাইক পেট্রোলিং টিম। তারা শহর জুড়ে টহলদারি চালাবে। বিভিন্ন জায়গায় ১৮টি এইচআরএফএস (হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড) মোতায়েন থাকবে। নিরাপত্তার কারণে কলকাতার বিভিন্ন এলাকা মিলিয়ে বাড়তি ৩৪৬টি পুলিশ পিকেট করা হচ্ছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশের সাইবার টিম। একইভাবে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন এলাকা। সেই বিষয়কে মাথায় রেখে ঈদের দিন শহরে বাড়তি নিরাপত্তা ও নজরদারি চালাবে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সব স্থানীয় থানাকে নিজেদের এলাকায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উচ্চপদস্থ কর্তারা।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (লালবাজার) সন্তোষ পান্ডে জানিয়েছেন, ঈদের দিন বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে নজর রাখার জন্য সাইবার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কোনোরকম উসকানিমূলক পোস্ট হলে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। চলছে বিশেষ নজরদারি। ঈদ উপলক্ষে সেজে উঠছে কলকাতার বিভিন্ন মহল্লা।









