সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসলাম মানুষের জীবনের কোনো একটি দিককে গুরুত্ব দিতে গিয়ে অন্য দিককে অবহেলা করতে শেখায় না। বরং ইবাদত ও কর্মজীবন, দুনিয়া ও আখিরাত, শরীর ও আত্মা, ব্যক্তিগত অধিকার ও পারিবারিক দায়িত্ব—সবকিছুর মধ্যে যথাযথ সমন্বয় সাধনের নির্দেশ দেয়।
তাইতো আল্লাহ তাআলা মহাবিশ্বের ভারসাম্য ও শৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, ‘আর আকাশকে তিনি সমুন্নত করেছেন এবং ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন, যাতে তোমরা ভারসাম্যের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করো। তোমরা ন্যায়সংগতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ো না।’ (সুরা : রহমান, আয়াত : ৭-৯)
এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সৃষ্টিজগতের ভারসাম্যের কথা উল্লেখ করার পাশাপাশি মানুষের জীবনেও ন্যায় ও ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যে মহান স্রষ্টা বিশ্বজগৎকে একটি সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত করছেন, তিনি মানুষের জীবনকেও শৃঙ্খলাপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক দেখতে চান।

ইসলাম মধ্যপন্থার ধর্ম
ইসলাম মানুষকে বাড়াবাড়ি ও অবহেলা—উভয় ধরনের প্রবণতা থেকে দূরে থাকতে শিক্ষা দেয়। এ কারণেই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মধ্যপন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আর এভাবেই আমি তোমাদের একটি মধ্যপন্থী জাতি করেছি।’ (সুরা : বাকারা, আয়াত : ১৪৩)
এখানে ‘উম্মাতে ওয়াসাত’ বলতে ন্যায়পরায়ণ, ভারসাম্যপূর্ণ ও উত্তম জাতিকে বোঝানো হয়েছে।
অর্থাৎ মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য হবে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, সংযম ও ভারসাম্য বজায় রাখবে। কোনো বিষয়ে অযথা বাড়াবাড়ি করবে না, আবার দায়িত্ব পালনে অবহেলাও করবে না।
জীবনের প্রতিটি অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে
একজন মানুষের জীবনে অনেকগুলো অধিকার ও দায়িত্ব রয়েছে। আল্লাহর অধিকার, নিজের শরীর ও আত্মার অধিকার, বাবা-মায়ের অধিকার, স্ত্রী-সন্তানের অধিকার, আত্মীয়-স্বজনের অধিকার এবং সমাজের মানুষের অধিকার—প্রতিটি ক্ষেত্রেই তাকে দায়িত্বশীল হতে হয়।
ইসলামের দৃষ্টিতে প্রকৃত প্রজ্ঞাবান ব্যক্তি তিনিই, যিনি এসব অধিকারের মধ্যে যথাযথ সমন্বয় করতে পারেন।
তিনি একটি দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বকে অবহেলা করেন না। এ প্রসঙ্গে হজরত সালমান ফারসি (রা.) ও আবু দারদা (রা.)-এর একটি ঘটনা বিশেষভাবে শিক্ষণীয়। হজরত আবু দারদা (রা.) ইবাদতে অত্যন্ত মনোযোগী ছিলেন। একবার সালমান (রা.) তাঁর বাড়িতে গিয়ে দেখলেন, তাঁর স্ত্রী অগোছালো অবস্থায় রয়েছেন। তিনি কারণ জানতে চাইলে স্ত্রী জানালেন, তাঁর স্বামী দুনিয়াবিমুখ হয়ে সারাক্ষণ ইবাদতে ব্যস্ত থাকেন; পরিবারের প্রতি তেমন মনোযোগ দেন না।
পরে আবু দারদা (রা.) সালমান (রা.)-কে খাবার পরিবেশন করলে তিনি বললেন, আপনিও খাবার খান। আবু দারদা (রা.) বললেন, আমি রোজা রেখেছি। সালমান (রা.) বললেন, আপনি না খেলে আমিও খাব না। অবশেষে তিনি তাঁর সঙ্গে খাবার খেলেন। রাতে আবু দারদা (রা.) তাহাজ্জুদ পড়তে চাইলে সালমান (রা.) তাঁকে ঘুমাতে বললেন। রাতের শেষভাগে তাঁকে জাগিয়ে দিয়ে উভয়ে নামাজ আদায় করলেন।
পরদিন সালমান (রা.) তাঁকে বললেন, ‘নিশ্চয়ই তোমার ওপর তোমার প্রতিপালকের অধিকার রয়েছে, তোমার নিজেরও অধিকার রয়েছে এবং তোমার পরিবারেরও অধিকার রয়েছে। সুতরাং প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার প্রদান করো।’ পরে আবু দারদা (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বিষয়টি উল্লেখ করলে তিনি বললেন, ‘সালমান সত্য বলেছে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯৬৮)
আল্লাহর হক সবার আগে
জীবনের বিভিন্ন অধিকার ও দায়িত্বের মধ্যে সর্বাগ্রে রয়েছে মহান আল্লাহর অধিকার। কারণ তিনিই মানুষের স্রষ্টা, পালনকর্তা ও প্রকৃত অভিভাবক। তাঁর ইবাদত করা, তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর রাসুলের আদর্শ অনুসরণ করা প্রত্যেক মানুষের মৌলিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)
তাই মানুষের জীবনের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তবে ইবাদত মানে শুধু নামাজ, রোজা ও অন্যান্য আনুষ্ঠানিক আমল নয়; বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়তসম্মতভাবে জীবনের প্রতিটি দায়িত্ব পালন করাও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে।
দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য
ইসলাম দুনিয়াবিমুখতাকে জীবনের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেনি। আবার দুনিয়ার ভোগবিলাসে ডুবে আখিরাত ভুলে যাওয়ার অনুমতিও দেয়নি। বরং দুনিয়াকে আখিরাতের পাথেয় সংগ্রহের ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তোমাকে যা দান করেছেন, তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশও ভুলে যেয়ো না।’(সুরা আল-কাসাস, আয়াত : ৭৭)
এই আয়াতের শিক্ষা অত্যন্ত ব্যাপক। মানুষ দুনিয়ায় বসবাস করবে, জীবিকা উপার্জন করবে, পরিবার গঠন করবে, জ্ঞান অর্জন করবে, সমাজের কল্যাণে কাজ করবে; পাশাপাশি আখিরাতের প্রস্তুতিও গ্রহণ করবে। দুনিয়ার প্রয়োজন পূরণ করতে গিয়ে যেন আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে দূরে সরে না যায়। আবার আখিরাতের প্রস্তুতির নামে হালাল জীবিকা, পরিবার ও সামাজিক দায়িত্বও যেন অবহেলিত না হয়।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল ভারসাম্যের সর্বোত্তম আদর্শ
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মধ্যপন্থা, সংযম ও ভারসাম্যের সর্বোত্তম আদর্শ। তিনি আল্লাহর ইবাদতে ছিলেন সবচেয়ে একনিষ্ঠ, পরিবারের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল, মানুষের সঙ্গে আচরণে ছিলেন সর্বোত্তম এবং সামাজিক দায়িত্ব পালনে ছিলেন অনন্য।
হজরত আনাস ইবনু মালিক (রা.) বর্ণনা করেন, তিনজন সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর ইবাদত সম্পর্কে জানতে তাঁর স্ত্রীদের কাছে এলেন। তাঁদের ইবাদতের বিবরণ শুনে তাঁরা নিজেদের আমলকে কম মনে করলেন। এরপর একজন বললেন, তিনি সারা রাত নামাজ পড়বেন, কখনো ঘুমাবেন না। অন্যজন বললেন, তিনি সারা জীবন রোজা রাখবেন, কখনো বিরতি দেবেন না। তৃতীয়জন বললেন, তিনি নারীদের বিয়ে করবেন না। তাঁদের এ কথা জানতে পেরে রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আল্লাহর শপথ! আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তাঁর প্রতি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি। কিন্তু আমি রোজা রাখি আবার রোজা থেকে বিরতও থাকি, নামাজ পড়ি আবার ঘুমাই এবং নারীদের বিয়েও করি। অতএব, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৬৩; সহিহ মুসলিম, হাদিস : ১৪০১)
তাই ইসলামে ইবাদতের নামে স্বাভাবিক জীবনব্যবস্থা পরিত্যাগ করা কিংবা নিজের ওপর অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া কাম্য নয়।
অগ্রাধিকার নির্ধারণও ভারসাম্য গুরুত্বপূর্ণ
ইসলাম সব কাজকে একই মর্যাদায় বিবেচনা করে না। ফরজ কাজ নফল কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের মৌলিক প্রয়োজন সাধারণ চাহিদার চেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। একইভাবে জরুরি দায়িত্বকে অপ্রয়োজনীয় ব্যস্ততার ওপর প্রাধান্য দিতে হবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি নফল ইবাদতে ব্যস্ত থাকার কারণে যদি তাঁর ফরজ নামাজ ছুটে যায়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার কেউ দীর্ঘ সময় নফল ইবাদতে ব্যয় করতে গিয়ে বৃদ্ধ বাবা-মায়ের সেবা, স্ত্রী-সন্তানের ভরণপোষণ কিংবা জরুরি পারিবারিক দায়িত্ব অবহেলা করলে সেটিও ভারসাম্যপূর্ণ আচরণ হবে না। আল্লাহ তাআলা ব্যয়ের ক্ষেত্রেও মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়ে বলেন, ‘আর তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না; বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।’ (সুরা : ফুরকান, আয়াত : ৬৭)
শরীর ও আত্মা—উভয়ের যত্ন নিতে হবে
মানুষের জীবনে শরীর ও আত্মা উভয়েরই গুরুত্ব রয়েছে। আত্মার খাদ্য হলো ঈমান, ইবাদত, জিকির, কোরআন তিলাওয়াত ও আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা। অন্যদিকে শরীরের প্রয়োজন হলো পরিমিত খাবার, বিশ্রাম, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় চিকিৎসা। একটির প্রতি গুরুত্ব দিতে গিয়ে অন্যটিকে অবহেলা করা উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)
পরিবার ও সমাজের অধিকার রক্ষা
পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা-দীক্ষা, তাদের নৈতিক চরিত্র গঠন, স্ত্রীর সঙ্গে সদাচরণ এবং বাবা-মায়ের সেবা—এ সবই একজন মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও সমাজের অসহায় মানুষের প্রতিও তার দায়িত্ব রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৮৯৫)
সুতরাং ইবাদত, জীবিকা, বিশ্রাম ও পারিবারিক দায়িত্ব—সবকিছুর মধ্যে এমন সমন্বয় থাকতে হবে, যাতে কেউ কারো অধিকার থেকে বঞ্চিত না হয়।
বাড়াবাড়ি ও অবহেলা উভয়ই পরিহার করতে হবে
ইসলাম কোনো বিষয়ে সীমা লঙ্ঘন যেমন সমর্থন করে না, তেমনি দায়িত্ব পালনে অবহেলাকেও প্রশ্রয় দেয় না। ইবাদতে বাড়াবাড়ি করে নিজের ওপর অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া যেমন অনুচিত, তেমনি দুনিয়ার ব্যস্ততার অজুহাতে ইবাদত ছেড়ে দেওয়াও গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৮৬)
তাই ইসলামের মধ্যপন্থা মানে ইচ্ছামতো বিধান শিথিল করা নয়; বরং শরিয়তের নির্দেশনা, মানুষের সামর্থ্য এবং প্রতিটি অধিকারের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ন্যায়সংগত জীবন পরিচালনা করা।
আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, সংযম ও ভারসাম্য বজায় রেখে চলার তাওফিক দান করুন। আমিন।










