সদ্য প্রকাশিত
খেলা

আদালতের রায়ে আফ্রিকা নেশনস কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
আদালতের রায়ে আফ্রিকা নেশনস কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়নশিপ শিরোপা ফিরে পেল সেনেগাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিন বিচারকের সমন্বয়ে গঠিত সিএএস প্যানেল এই চূড়ান্ত রায় ঘোষণা করে।

গত জানুয়ারিতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত এক নাটকীয় ও বিশৃঙ্খল ফাইনালে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) আপিল প্যানেল সেই ফলাফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলের ‘ডিফল্ট’ জয়ী ঘোষণা করে। ক্যাফের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল সেনেগাল।

 

সিএএসের বিবৃতিতে বলা হয়েছে, ‘কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে আফ্রিকা কাপ অব নেশন্স মরক্কো ২০২৫ (আফকন ২০২৫)-এর ফাইনাল সংক্রান্ত বিষয়ে সেনেগালিজ ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

‘ক্যাফ আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং ক্যাফ ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলস্বরূপ, আফকন ২০২৫ ফাইনালের শেষে অর্জিত ফলাফলই (সেনেগালের পক্ষে ১-০) চূড়ান্ত বলে নিশ্চিত করা হলো।’

ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে আক্রমণের শুরুতে ফাউল হওয়ার কারণ দেখিয়ে সেনেগালের একটি জয়সূচক গোল বাতিল করেন রেফারি এনদালা। এর ঠিক পরপরই মরক্কোকে পেনাল্টি দেওয়া হয়, যা তাদের সামনে ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ এনে দেয়।

 

এতে মাঠে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গেলে খেলা ১৭ মিনিট বন্ধ থাকে।

শেষ পর্যন্ত খেলা আবার শুরু হলে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি।

এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পাপে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। তবে সে সময় মরক্কো দাবি করেছিল, সেনেগালের মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তেই ম্যাচটি শেষ হয়ে যাওয়া উচিত ছিল, যা কার্যকরভাবে ম্যাচ ছেড়ে দেওয়ার (ফরফিট) শামিল।

 

মার্চ মাসে ক্যাফও মরক্কোর এই যুক্তির পক্ষে রায় দেয়।

সে সময় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, ‘ক্যাফ আপিল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, টোটালএনার্জিস ক্যাফ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল ম্যাচটি সেনেগাল জাতীয় দল ছেড়ে দিয়েছে বলে ঘোষণা করা হলো। ম্যাচের ফলাফল এখন মরক্কোর পক্ষে ৩-০ গোলে নথিভুক্ত করা হচ্ছে।’
তবে সেনেগাল এই রায়ের বিরুদ্ধে আপিল করে। শেষ পর্যন্ত সফলও হলো ‘তেরেঙ্গানা লায়ন্সরা’।