সদ্য প্রকাশিত
রাজনীতি

আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান: ভোলায় হলো না বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান: ভোলায় হলো না বিএনপির বিক্ষোভ মিছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোলায় বোরহানউদ্দিনের ফেসবুক ইস্যু এবং সংঘর্ষের ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল শেষ পর্যন্ত হয়নি। ওই এলাকায় ব্যাপক পুলিশ, র‌্যাব ও বিজিবি টহলের কারণে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, জেলায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন জেলা প্রশাসক। তার অফিস এলাকায় ব্যাপক পুলিশ। তাই বিএনপি নেতাকর্মীরা কেউ আসতে পারেনি। এ কারণে বিক্ষোভ মিছিল শেষ পর্যন্ত বাতিল করা হয়।

জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ জানান, আওয়ামী লীগ নেতারা জেলা অফিসসহ শহরের কম পক্ষে ১০টি পয়েন্টে তাদের অবস্থান রয়েছে। ওই সব স্থান থেকে তারাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা, কেউ নৈরাজ্য করার চেষ্টা করছে কিনা তাও মনিটরিং করা হচ্ছে। তবে তাদের অবস্থান শান্তিপূর্ণ। জেলাব্যাপী সভা-সমাবেশ নিষিদ্ধ থাকায় তারা এমন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।

জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের কর্মসূচিও হচ্ছে না। বিকাল ৪টায় প্রেস ব্রিফিং করবেন বলে জানান ওই সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান।