নিজস্ব প্রতিবেদক:
কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।
শনিবার (সকাল ১০টা) গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, নেসকো (NESCO) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরও অস্বাভাবিকভাবে বেশি অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।
বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই দাবি মেনে না নেওয়া হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।









