তানোর প্রতিনিধি:
রাজশাহী -১( তানোর- গোদাগাড়ী) আসনে জামায়াতের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে এ নির্দেশনা দেন এমপি। তিনি আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন । তবে এমপির এমন নির্দেশনা না মেনেই তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তেলায়াতের পাশাপাশি গীতা পাঠও করানো হয়।
জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতে হবে, গীতা পাঠ করানো যাবে না। কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমন নির্দেশনা দেন। তার এমন নির্দেশনার খবর ছড়িয়ে পড়লে প্রশাসন সহ রাজনৈতিক নেতা, হিন্দু সম্প্রদায়ের নেতাসহ জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। বইছে নানা ধরনের সমালোচনা। এমপির এমন একগুঁয়েমি কথায় উপজেলা প্রশাসন চরম ভাবে বিব্রত হয়ে পড়ে।
সুত্র জানায়, সম্প্রতি এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁনকে মোবাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করানো যাবে না বলে নির্দেশ দেন। ২৫ মার্চ বুধবার সকালের দিকে গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির নেতারা। সেখানে জামায়াত আমীরকে ইউএনও বলেন, এমপি স্যার গীতা পাঠ করতে নিষেধ করেছে। এমন কথার প্রেক্ষিতে উপজেলা জামায়াতের আমীর ইউএনও কে বলেন রাষ্ট্রীয় নিয়মে যেটা আছে সেটাই করবেন।
বিএনপির একাধিক নেতারা বলেন, ‘রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান চলবে মর্মে ইউএনওকে আমরা অবহিত করি। হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে জামায়াত রাজনীতি করবে আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা পাঠ হবে না-এটা হতে পারে । সারা দেশে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান চলছে। আর তানোরে গীতা পাঠ হবে না!
জানতে চাইলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের মোবাইলে যোগাযোগ করে বিষয় টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ইউএনও সাহেবকে এভাবে বলেননি এমপি সাহেব। তিনি ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না বলে বলেছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।’
তবে এমপি অধ্যাপক মুজিবুর রহমানে মোবাইলে বিষয়টি নিয়ে কথা বলার একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
বৃহস্পতিবার দুপুরর দিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁনের সাংবাদিকদের জানান, এমপি স্যার মোবাইল করে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেন। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে৷ একারণে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান করা হয়েছে।









