সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই থামবে না। সম্প্রতি প্যারিসে সন্ত্রাস হামলা্র পর শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একথা বলেন তিনি। পেন্স বলেন, ‘যেকোনও অবস্থায় যেকোনও স্থানে সন্ত্রাসী হামলা হতে পারে। সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের লড়াই অব্যাহত রাখবে।’

জাকার্তায় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের আগে একথা বলেন পেন্স। এই বৈঠকের মধ্য দিয়েই তার ইন্দোনেশিয়া সফর শেষ হচ্ছে।
প্যারিসে সন্ত্রাসী হামলায় এক পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। পুলিশের গুলিতে মারা গেছেন হামলাকারীও। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ একে কাপুরোষোচিত বলে উল্লেখ করেছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










