নিজস্ব প্রতিবেদক :
পাবনার চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দুজন গুরুতর আহত হযেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় এ ঘটনা হয়।
রক্তাক্ত জখম অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহত দুজন হেেলা– মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। আহত দুজন পেশায় দিনমজুর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারি শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিল নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় অতর্কিতভাবে মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে তারা।
পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে মূমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে কেন বা কী কারণে এই ঘটনা তা প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি। তবে পূর্ববিরোধের জেরে এ হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, ‘গুরুতর রক্তাক্ত অবস্থায় দুজন হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি শোনার পর আহত দুজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।’









