সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আফগানিস্তানে সবচেয়ে বড় বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
আফগানিস্তানে সবচেয়ে বড় বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪

সিল্কসিটিনিউজ ডেস্ক: আফগানিস্তানের নানগরহার প্রদেশের পূর্বাঞ্চলে আচিন এলাকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ‘নন-নিউক্লিয়ার’ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯৪ জনে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে শনিবার নানগারহার প্রদেশের মুখেপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানান, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমার আঘাতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চার কমান্ডারসহ ৯৪ জঙ্গি নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, বোমা হামলার এলাকায় আমাদের টিম রয়েছে এবং তারা ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে। যেহেতু আরো মরদেহ পাওয়া যাচ্ছে, সেহেতু নিহতের সংখ্যা বাড়তে পারে।

এই বোমা হামলার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের চার সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমটি (ডাক নাম- মাদার অব অল বোমস) স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জিবিইউ-৪৩ নামের বোমাটির ওজন ২১ হাজার ৬০০ পাউন্ড (৯৭৯৭ কেজি)। বোমাটিতে বিস্ফোরক ছিল ১৮ হাজার পাউন্ড। বোমাটি যে জায়গায় আঘাত হানে, তার চারপাশে ৩০০ মিটারেরও বেশি জায়গাজুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। এই বোমাকে ‘মাদার অব অল বোম্বস’ বর্ণনা করা হয়। এটি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্ল্যাস্ট বা এমওবি নামে পরিচিত।

মার্কিন ও আফগান কর্মকর্তারা দাবি করেছেন, এ হামলায় তিনটি সুড়ঙ্গ, অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত ধ্বংস হয়েছে, তবে কোনো বেসামরিক লোক নিহত হয়নি।