সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় লেগুনার ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানিয়েছেন, রাত আনুমানিক ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি লেগুনা, সিএনজি অটোরিকশা ও ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।










