বিজ্ঞান ও প্রযুক্তি

আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু নিয়ে রহস্য কাটল

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌরজগতে প্রবেশ করা আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু থ্রিআই/অ্যাটলাস (3I/ATLAS) নিয়ে দীর্ঘদিন ধরেই নানা কৌতূহল ও জল্পনা চলছিল। কেউ কেউ ধারণা করেছিলেন, এটি হয়তো ভিনগ্রহের কোনো প্রযুক্তি বা মহাকাশযান হতে পারে। তবে নতুন গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, থ্রিআই/অ্যাটলাস কোনো এলিয়েন প্রযুক্তি নয়; এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ধূমকেতু।

থ্রিআই/অ্যাটলাস হলো আমাদের সৌরজগতে প্রবেশ করা তৃতীয় পরিচিত আন্তঃনাক্ষত্রিক বস্তু। এর আগে ২০১৭ সালে ‘ওউমুয়ামুয়া’ এবং ২০১৯ সালে 2I/বোরিসভ আবিষ্কৃত হয়। ২০২৫ সালের জুলাই মাসে আবিষ্কৃত এই ধূমকেতুর গতিপথ ও বৈশিষ্ট্য কিছুটা অস্বাভাবিক হওয়ায় বিজ্ঞানীদের আগ্রহ তৈরি হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাভি লোয়েবসহ কয়েকজন গবেষক একে প্রাকৃতিক নয় বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে নাসা শুরু থেকেই একে ধূমকেতু হিসেবে চিহ্নিত করে।

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা শক্তিশালী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে থ্রিআই/অ্যাটলাস পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ছিল গ্রিন ব্যাংক টেলিস্কোপ এবং মিরক্যাট। গবেষকদের লক্ষ্য ছিল ‘টেকনোসিগনেচার’ খোঁজা, অর্থাৎ এমন রেডিও সংকেত যা কৃত্রিম প্রযুক্তির প্রমাণ দিতে পারে। কিন্তু পর্যবেক্ষণে কোনো ধরনের কৃত্রিম রেডিও তরঙ্গ পাওয়া যায়নি।

গবেষণার প্রধান গবেষক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির বিজ্ঞানী বেঞ্জামিন জ্যাকবসন-বেল জানান, এই ফলাফল প্রত্যাশিতই ছিল। তার ভাষায়, থ্রিআই/অ্যাটলাস যে একটি প্রাকৃতিক ধূমকেতু—এর পক্ষে শক্ত প্রমাণ আগেই ছিল। তবু নিশ্চিত হতে অনুসন্ধান চালানো জরুরি ছিল।

ধূমকেতুটি গত ১৯ ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে নিরাপদ দূরত্বে—প্রায় ২৬ কোটি ৯০ লাখ কিলোমিটার দূরে অতিক্রম করে। কোনো ক্ষতি ছাড়াই এটি সৌরজগৎ ত্যাগের পথে রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিদায়ের আগ পর্যন্ত এর তথ্য বিশ্লেষণ চলবে, যাতে এই রহস্যময় আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু সম্পর্কে আরও জানা যায়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন