সিল্কসিটিনিউজ ডেস্ক :
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি চলতি সপ্তাহে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসছে। জ্যোতির্বিদ ও আকাশপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। কারণ রাতের আকাশে সহজেই চোখে পড়বে এই গ্রহটি। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
এটি জেমিনি নক্ষত্রমণ্ডলের দুটি উজ্জ্বলতম তারা ‘ক্যাস্টর’ ও ‘পোলাক্স’-এর সঙ্গে মিলে আকাশে কিছুটা অসম একটি ত্রিভুজ গঠন করবে। বৃহস্পতির মেঘাচ্ছন্ন পৃষ্ঠে সূর্যের আলো প্রচুর পরিমাণে প্রতিফলিত হওয়ায় শুক্র গ্রহের তুলনায় অনেক দূরে থাকা সত্ত্বেও বৃহস্পতি খুব উজ্জ্বল দেখায়। এর ব্যাস পৃথিবীর ১১ গুণেরও বেশি। এটি উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধ থেকেই দেখা যাবে।

এই সময় বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে, যা প্রায় ৬৩৩ মিলিয়ন কিলোমিটার দূরে। সূর্যের পৃষ্ঠ থেকে আলো বৃহস্পতিতে পৌঁছাতে লাগে প্রায় ৪৩ মিনিট সময় লাগলেও, বৃহস্প্রতি গ্রহ থেকে প্রতিফলিত সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে প্রায় ৩৫ মিনিট সময় নেয়।
৯ জানুয়ারি রাতে পূর্ব আকাশের দিকে তাকালে খালি চোখেই বৃহস্পতি সহজে দেখা যাবে। আর বাইনোকুলারের মাধ্যমেই এর চারটি বৃহত্তম উপগ্রহ দেখা সম্ভব হবে।
১০ গুণ বা তার বেশি ক্ষমতার ছোট বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে গ্রহটির মেঘের আচ্ছাদন দেখা যাবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।









