সদ্য প্রকাশিত
খেলা

অদম্য জুভেন্টাসের সামনে বার্সেলোনা

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০১৭৩ মিনিট পড়া
অদম্য জুভেন্টাসের সামনে বার্সেলোনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে মুখোমুখি হবে জুভেন্টাস-বার্সেলোনা। ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘টেন ওয়ান’ চ্যানেলে।

সময়ের পার্থক্যটা দুই বছরের মতো, যখন বার্লিনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-জুভেন্টাস। উপলক্ষ্যটা এক হলেও এবার মঞ্চটা আলাদা। যে মঞ্চের ওপর দাঁড়িয়ে একপক্ষ প্রতিশোধের নেশায় মত্ত, আর অন্য পক্ষ সাফল্যের পথটা করতে চাইছে আরও দীর্ঘ।

তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামের লড়াইটা তাই ইতালি ছাড়িয়ে গোটা ফুটবল বিশ্বে ছড়াচ্ছে উত্তেজনার রেণু। বার্সেলোনা-জুভেন্টাসের ম্যাচ বলে কথা! ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগে যারা লড়েছিল শিরোপার জন্য। বার্লিনের সেই ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতে নেয় বার্সেলোনা। এবারের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে তাই থাকছে অনেক হিসাব-নিকাশ। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হওয়া সেই লড়াইয়ে উত্তেজনার ঢেউ তুলবে ইউরোপের দুই সেরা ক্লাব। ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘টেন ওয়ান’ চ্যানেলে।

যদিও কোনও দলই বার্লিনের ফাইনালের বিষয়টি সামনে আনতে চাইছে না। দুই পক্ষরই দাবি, কোয়ার্টার ফাইনালের লড়াইটা সম্পূর্ণ আলাদা, আর এই ম্যাচ নিয়েই তাদের ভাবনা, যেখানে প্রতিশোধের ব্যাপার নেই। বার্সেলোনা-জুভেন্টাস যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, দুই বছর আগের বার্লিনের ফাইনাল ঘুরেফিরে আসতে বাধ্য তুরিনের এই লড়াইয়ে।

যে লড়াইয়ের আগে মোটেও ভালো জায়গায় নেই বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে কাতালান ক্লাবটি হেরে গেছে লা লিগার ম্যাচে, মালাগার মাঠ থেকে লুই এনরিকের দল ফিরেছে ২-০ গোলের হার নিয়ে। বিপরীতে জুভেন্টাস জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামছে কাতালানদের বিপক্ষে। লিগের সবশেষ ম্যাচে তুরিনের ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে শিয়েভোকে। ওই ম্যাচে জোড়া লক্ষ্যভেদ করে প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিয়েছেন গনসালো হিগুয়েইন। লড়াইটা হবে অবশ্য বার্সেলোনার আক্রমণভাগ বনাম জুভেন্টাসের রক্ষণের। কাতালানদের আক্রমণের ত্রিশূল ‘এমএসএন’কে থামাতে কঠিন পরীক্ষা দিতে হবে বোনুচ্চি-কিয়েল্লিনি-আলভেসদের।

ইতিহাস কিন্তু সায় দিচ্ছে না বার্সেলোনার পক্ষে। জুভেন্টাসের মাঠে মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচটি জিততে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা, ড্র করেছিল ১-১ গোলে। এদিকে আবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা ২১ ম্যাচ অপরাজিত জুভেন্টাস, ১২ জয়ের সঙ্গে ড্র করেছে ৯ ম্যাচে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিততে হলে তাই বার্সেলোনাকে লিখতে হবে নতুন ইতিহাস। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আবার কাতালানরা পাচ্ছে না সের্হিয়ো বুশকেৎসকে। কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞায় নেই স্প্যানিশ মিডফিল্ডার। তার অভাবটা কিভাবে কাটিয়ে উঠেন এনরিকে, সেটাই দেখার।

তবে বার্লিনের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ আত্মবিশ্বাস জোগাচ্ছে বার্সেলোনাকে। ২০১৫ সালে জার্মানির ফাইনালে জুভদের ৩-১ গোলে হারিয়েছিল বার্সা। গোল করা ইভান রাকিটিচ, লুই সুয়ারেস ও নেইমার-তিনজনই আছেন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে। ওই ফাইনালের সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে অসম্ভবকে সম্ভব করে পাওয়া জয়ের আত্মবিশ্বাসে উড়ছে কাতালানরা। প্রথম লেগে ৪-০ গোলের হারের সমীকরণ ৬-১ গোলে জিতে মিলিয়ে দেওয়া বার্সেলোনাকে সমীহই করছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ‘আগের রাউন্ডে (পিএসজির বিপক্ষে) বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর দৃশ্যটা প্রমাণ করে ফুটবলে কোনও কিছুই নিশ্চিত করে বলা যায় না, বিশেষ করে তাদের মতো প্রতিপক্ষের বিপক্ষে যখন দাঁড়াতে হয়।’

মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। তিনবারের সাক্ষাতে বার্সেলোনা ও জুভেন্টাস জিতেছে একটি করে, বাকি ম্যাচটি হয়েছে ড্র। ২০০২-০৩ মৌসুমে বার্সাকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল জুভরা। ঘরের মাঠের প্রথম লেগ ১-১ গোলে ড্র করলেও ন্যু ক্যাম্প থেকে জুভেন্টাস জিতে ফিরেছিল ২-১ গোলে। এবারের লড়াইয়ে তাই যারাই জিতবে, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাবে তারা।

জুভেন্টাস-বার্সেলোনা ম্যাচের সময় জার্মানিতে মঞ্চায়িত হবে আরেকটি রোমাঞ্চকর লড়াই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড-মোনাকো।

সূত্র: বাংলা ট্রিবিউন